যানজটের বিরুদ্ধে রাস্তায় সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের যানজট নিরসন এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। কিন্তু জেলা প্রশাসন এ বিষয়ে বিভিন্ন সময় পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। এর ফলে পথচারী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী যানজট নিরসনে তাই নিজেই রাস্তায় নেমেছেন।আজ মঙ্গলবার দুপুরে সাংসদ একরামুল করিম চৌধুরী নিজেই নেতৃত্ব দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ নিয়ে শহরে যানজটের অন্যতম কারণ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় অবৈধ পার্কিংয়ের অভিযোগে ১০টি গাড়ি আটক করা হয়।শহরের বাসিন্দারা অভিযোগ করেন, শহরের প্রধান সড়কের দুই ধারে ফুটপাত দখল করে একশ্রেণীর অসাধু ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে নানা জিনিসপত্রে দোকান নিয়ে বসে। পাশাপাশি আন্তজেলাসহ সব বাস, সিএনজিচালিত অটোরিকশাগুলো দাঁড়িয়ে যাত্রীদের ওঠানামা করার কারণে দিনের বেশির ভাগ সময়ই সোনাপুর জিরোপয়েন্ট, দত্তেরহাট, মাইজদী পৌরবাজার, টাউন হলের মোড় এবং নোয়াখালী পৌর ভবন এলাকায় যানজট লেগে থাকে। ফলে যাত্রী ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। যানজট নিরসনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার সিদ্ধান্ত হলেও তার বাস্তবায়ন হয়নি।জানা গেছে, আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না দেখে সকাল ১০টার দিকে সাংসদ একরামুল করিম চৌধুরী নিজেই মোটরসাইকেলে সোনাপুর জিরো পয়েন্টে গিয়ে সেখানে রাস্তা দখলকারীদের উচ্ছেদ শুরু করেন। পরে দত্তেরহাট থেকে শুরু করে মাইজদী পৌর ভবন পর্যন্ত রাস্তায় অবৈধভাবে দাঁড়ানো একুশ পরিবহন, বাঁধন পরিবহন, আল-আমিন, সুগন্ধা, জননী পরিবহনের ১০টি গাড়ি আটক করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নোয়াখালী জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।তবে, এ বিষয়ে কথা বলার জন্য সাংসদ একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।