যানজটের শহর নারায়ণগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিদিন ছেলেকে নিয়ে স্কুলে ও আমাকে কলেজে যেতে হয়। কিন্তু যানজটের কারণে আমাকে নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগে রওনা দিতে হয়। তবুও ঠিক সময় গন্তব্যে যেতে পারি না। যানজটে আমরা হাঁপিয়ে উঠেছি। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত।’ বলছিলেন নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার বাসিন্দা কলেজশিক্ষক ফারজানা আফরোজ।রমজান মাস শুরুর পর নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ও চত্বরে যানজট নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ঈদ যত এগিয়ে আসছে, বিপণিবিতানগুলোর সামনে যান ও জনতার জটলা ততই বাড়ছে। কারণ, বেশির ভাগ বিপণিবিতানের গাড়ি রাখার নিজস্ব জায়গা নেই। এদিকে শহরে বেড়ে চলেছে রিকশার সংখ্যাও। ঈদে বাড়তি রোজগারের আশায় বিভিন্ন জেলা থেকে রিকশাচালকেরা নারায়ণগঞ্জে আসছেন।জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, পর্যাপ্ত জনবল, যানবাহন ও ওয়্যারলেস সেটের অভাবে তাঁরা ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এ ছাড়া শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেই কোনো বৈদ্যুতিক সিগন্যাল ব্যবস্থা।খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের প্রধান দুটি ট্রাফিক পয়েন্ট হচ্ছে চাষাড়া গোলচত্বর ও দুই নম্বর রেলগেট এলাকা। এ দুটি স্থানে যানজট ভয়াবহ আকার ধারণ করে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের চাষাড়া প্রান্তে দুই কিলোমিটার সড়কের অবস্থা করুণ। এখানে বৃষ্টির পানি জমে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ জন্য যানবাহনের চাকা আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। চাষাড়া জেলা পরিষদের ডাকবাংলোর সামনেও যানজট লেগেই আছে। শহরের দুই নম্বর রেলগেট থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী সড়কের (চেম্বার রোড) দুই পাশের ফুটপাত পুরোটাই হকারদের দখলে থাকায় পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলতে হয়।ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা হাবিবুননেছা বলেন, নারায়ণগঞ্জ শহরটি খুবই ছোট। কিন্তু ছোট এই শহরটিকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে গড়ে উঠেছে বহুতল শপিং মলসহ আবাসিক বাড়ি ও শিল্পকারখানা। কিন্তু এসব বহুতল ভবনের নিজস্ব গাড়ি রাখার জায়গা নেই। সড়কের একাংশে গাড়ি রাখা হচ্ছে। এতে সড়ক সংকুচিত হয়ে যানজট বাড়ছে। সড়কে রাখা গাড়ি সরিয়ে ফেললে যানজট অনেকটাই কমবে বলে তিনি মনে করেন।একই প্রসঙ্গে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, যানজট শহরবাসীর অন্যতম প্রধান সমস্যা। এ জন্য যত্রতত্র পার্কিং, অবৈধ স্ট্যান্ড বন্ধ করা প্রয়োজন।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার জানান, পুরো জেলায় ট্রাফিক পুলিশের জনবল বলতে আছে চারজন সার্জেন্ট ও ২৫ জন কনস্টেবল। জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে ইতিমধ্যে তাঁদের বাড়তি জনবল দেওয়া হয়েছে। শহর ছাড়াও তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার অধীন বিশাল এলাকার যানবাহন নিয়ন্ত্রণ করেন। যেটুকু জনবল ও উপকরণ আছে তা দিয়ে শহরের যানজট কমাতে চেষ্টা করে যাচ্ছেন বলে তিনি জানান।