যানবাহন কতটুকু প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা থেকে কাকলী আসার পথে সড়কের দুই পাশে প্রায়ই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নোটিশ বোর্ড চোখে পড়ে। গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলতে বারণ করা হয়েছে সেসব নোটিশ বোর্ডে। অথচ যাত্রীবোঝাই বাস থেকে শুরু করে বিলাসবহুল গাড়ির চালক—সবাই চলন্ত গাড়িতে মুঠোফোনে কথা বলতে ওস্তাদ। অনেক সময় চলতি পথে চালককে ফোনে কথা বলতে বারণ করায় অনেক যাত্রীকেই ‘আপনার সমস্যা কিসের’, ‘অতি নীতিবান’ এ ধরনের মন্তব্য শুনতে হয়েছে।ফোনে কথা বলার ক্ষেত্রে চার চাকার চালকদের চেয়ে দুই চাকার চালকেরা তো আরও কয়েক কাঠি সরেস। কারণ, মোটরসাইকেলওয়ালারা চলতি পথে আয়েশ করে ফোনালাপের জন্য মুঠোফোনটিকে হেলমেটের মধ্যে ঢুকিয়ে কথা বলেন। আর যাঁদের মাথায় হেলমেট থাকে না, তাঁরা এক হাতে মোটরসাইকেলের ‘পিকআপ’ ধরেন, আর অন্য হাতে ধরেন কথা শোনার যন্ত্রটা। কেউ বা আবার ঘাড় কাত করে কানের সঙ্গে চেপে রাখেন ফোনটা। এর ফলে ভারসাম্য হারিয়ে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর হেলমেট পরেই বা বাইক চালায় কতজন, সে প্রশ্নও করলেন এক পথচারী। তবে ইদানীং নগরে হেলমেটওয়ালা চালকের সংখ্যা বেড়েছে বলে দাবি করলেন কারওয়ান বাজার মোড়ে কর্তব্যরত ডিএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট আশরাফ। কিন্তু অনেক চালককেই দেখা যায়, মাথা বাঁচানোর এ বস্তুটি মাথায় না পরে মোটরসাইকেলের সামনে বা পেছনে ঝুলিয়ে রাখেন। এমন এক চালক বেশ নরম হয়ে বলেন, ‘এই গরমের মধ্যে হেলমেট মাথায় দিলে দম বন্ধ হয়ে আসে।’ তাঁর এই কথার জবাবে বাংলামোটর মোড়ের এক ট্রাফিক কনস্টেবল বলছিলেন, ‘গরমের কথা বলে সড়কে খালি মাথায় মোটরসাইকেল চালালেই জরিমানা করা হবে।’ তবে ট্রাফিক পুলিশ আর র্যা বের সদস্যরা কি এ জরিমানার ঊর্ধ্বে? হেলমেট না পরায় চেকপোস্টে ঠিকই মোটরসাইকেলের চালকদের জেরা করেন র্যা বের সদস্যরা। কিন্তু জোড়ায় জোড়ায় মোটরসাইকেলে চেপে টহল দেওয়ার সময় র্যা বের সদস্যদের মাথায় থাকে কেবল কালো পট্টি!এদিকে আগামীকাল থেকে নগরের সব চালক ও যাত্রীকে সিটবেল্ট বেঁধে গাড়ি চালানোর আদেশ দিয়েছে বিআরটিএ। কিন্তু গাড়িচালকদের এ বিষয়ে তেমন একটা আগ্রহ দেখা গেল না। মতিঝিলের একটি বেসরকারি কোম্পানির গাড়িচালক তারিক মিয়া বলছিলেন, ‘ঢাকার রাস্তায় যে কচ্ছপের গতিতে গাড়ি চলে, আর একটু পরপরই সিগন্যালে আটকায়, যানজটে পড়ে; এই শহরের রাস্তায় সিটবেল্ট বাঁধার কী দরকার?’প্রাইভেট গাড়ির চালক বা আরোহীরা না হয় সিটবেল্ট বাঁধবেন, বাসের চালক ও যাত্রীরা কী বাঁধবেন? এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কারণ, এখনো বেশির ভাগ বাসেই নেই কোনো সিটবেল্ট। এ জন্য দায়ী কে—বাসের চালক, না যাত্রী, নাকি বাসমালিক? বাসে সিটবেল্ট নিশ্চিত করতে বিআরটিএ কিছু করছে না কেন? এ বিষয়ে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার বলেন, যেসব গাড়িতে সিটবেল্ট আছে, অথচ ব্যবহার করা হচ্ছে না, সেসব ক্ষেত্রে আইন প্রয়োগ করবেন ভ্রাম্যমাণ আদালত। আর বাসের ক্ষেত্রে চালকের আসনে অবশ্যই সিটবেল্ট থাকতে হবে এবং তা বাঁধা নিশ্চিত করা হবে। বেশির ভাগ বাসচালকের সিটেও সিটবেল্ট না থাকা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আসলে জোর করে অনেক সময় আইন মানানো যায় না। এগুলোর জন্য মালিক, চালক সবাইকে সচেতন হতে হবে।