যানবাহন চলাচলে ছাত্রলীগের বাধা, ছাত্রের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের অবরোধের কারণে আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম শহর থেকে কোনো বাস বা ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারেনি। স্থানীয় কয়েকজন যুবক ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা জাহিদুল ইসলাম ওরফে জুয়েলকে বেধড়ক মারধর করেন গতকাল রোববার। সেই ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের কর্মীরা এই অবরোধ সৃষ্টি করে। ফলে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হচ্ছে না। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।জুয়েলকে মারধরের ঘটনার প্রতিবাদে তাঁর সহযোগীরা গতকাল রোববার দুপুরেও প্রায় তিন ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে রেখেছিলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে ট্রেন চলাচল আবার শুরু হয়। জাহিদ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন। কিন্তু অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করা হয়। জাহিদকে যারা মারধর করেছে তাদের অবিলম্বে খুেঁজ বের করে শাস্তি দেওয়ার দাবি করেছে ছাত্রলীগ কর্মীরা। নইলে তারা ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দিয়েছে। এ প্রসঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আনিসুজ্জামান ইমন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় কয়েকজন যুবক আমাদের এক নেতাকে লাঠি ও ইট দিয়ে বেধড়ক পিটিয়েছে। উপাচার্যের কাছে এই ঘটনার বিচার চেয়েছি। সুষ্ঠু বিচার না পেলে আমরা কঠোর আন্দোলনে যাব।’ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করে, গতকাল দুপুর সাড়ে ১২টায় সমাজবিজ্ঞান অনুষদ ভবনের পাশের এক ঝুপড়িতে মশিউর রহমান নামের ছাত্রলীগ কর্মীর সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকের বাগিবতণ্ডার ঘটনা ঘটে। এর আধঘণ্টা পর স্টেশনে এসে স্থানীয় যুবকেরা জুয়েলকে একা পেয়ে তাঁর ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আকতার বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’এদিকে আজ সকালে পুলিশ সেনানিবাস ও চৌধুরীহাটের মাঝামাঝি জায়গার রেললাইনের ওপর থেকে এক যুবকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে। তাঁর শরীরের দুটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। নিহত যুবক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। তাঁর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।এ প্রসঙ্গে এএসপি বাবুল আকতার প্রথম আলোকে বলেন, নিহত যুবকের পকেটে কলম পাওয়া গেছে। এ ছাড়া তাঁর পরনের টি-শার্ট ও জিন্স দেখে মনে হচ্ছে, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারেন। তাঁকে রেললাইনের ওপর এনে জবাই করা হয়েছে নাকি অন্য কোনো জায়গায় মেরে এখানে লাশ ফেলে যাওয়া হয় তা বোঝা যাচ্ছে না। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় এ সংক্রান্ত চিহ্নগুলো মুছে গেছে।