যার শূন্যতা পূরণ হওয়ার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ গজ জমিনে সতীর্থ হিসেবে পেয়েছেন রিকি পন্টিংকে। ক্রিকেট থেকে অবসরের পরও ধারাভাষ্যকার হওয়ার সুবাদে পন্টিংকে দেখার সুযোগ হয়েছে তাঁর। সেই দেখার অভিজ্ঞতা থেকেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, সদ্য বিদায়ী ব্যাটসম্যান রিকি পন্টিংকে নিয়ে লিখেছেন তাঁর প্রথম টেস্ট অধিনায়ক ওর ক্যারিয়ারের একেবারে প্রথম আউটটির কয়েক মিনিটের মধ্যেই বুঝে গিয়েছিলাম, ছেলেটার মধ্যে স্পেশাল কিছু একটা আছে। খুবই সন্দেহজনক একটা এলবিডব্লু আউটের শিকার হয়েছিল। তার পরও আমি ভেবেছিলাম, শ্রীলঙ্কার মতো যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একজন ২০ বছর বয়সীর অভিষেকেই ৯৬ রান—ও নিশ্চয়ই খুশি হবে। কিন্তু আমার ধারণা ছিল ভুল।না, রিকি পন্টিং ড্রেসিংরুমে এসে কান্নায় ভেঙে পড়েনি। কিন্তু ওর তীব্র হতাশাটা বুঝতে কষ্ট হচ্ছিল না। প্রথম ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করে দেওয়ার তৃপ্তি—ওর প্রথম প্রতিক্রিয়ায় এমন কিছু ছিল না। রিকি একটা টেস্ট সেঞ্চুরি হারিয়ে ফেলেছিল এবং তা নিয়ে সে ছিল খুব, খুবই হতাশ। অধিনায়ক হিসেবে আমি ওর মধ্যে ঠিক এটাই দেখতে চাইছিলাম। এটা প্রমাণ করে দিয়েছিল, পন্টিং কখনো দ্বিতীয় সেরা হওয়ায় তৃপ্ত হবে না, কখনোই মাঝারি মানটাকে মেনে নেবে না, জয় ছিনিয়ে আনতে শতভাগ উজাড় করে দেওয়ায় সামান্য কমও মেনে নেবে না।রিকি চলে যাওয়ার পর অস্ট্রেলিয়া এটাই সবচেয়ে বেশি মিস করবে: সেই দৃঢ় প্রতিজ্ঞা। পন্টিং মানে শুধু রান নয়, যদিও নামের পাশে তার অজস্র রান আছে। পন্টিং মানে তার সেই চির-অতৃপ্ত আকাঙ্ক্ষা, জিগীষা ও মাঠে কখনোই হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা। শুধু তার ১৩ হাজার ৩৭৮ টেস্ট রান নয়, এগুলোও ক্রিকেটার রিকি পন্টিংকে সংজ্ঞায়িত করে।পন্টিংকে বিদায় জানানোর মধ্য দিয়ে আমরা অস্ট্রেলীয় ক্রিকেটের একটি যুগকেও বিদায় জানিয়ে দিয়েছি। ও ছিল নব্বই দশকে অভিষিক্ত হওয়া শেষ ক্রিকেটার, সেটা ছিল এমন এক যুগ, যে সময় অপরিণত-অমসৃণ প্রতিভাকেও সাদরে বরণ করে নেওয়া হতো, এত তীক্ষ নজরদারির আতশি কাচের নিচে থাকতেও হতো না।এইকালে আমরা আশা করি, আমাদের ক্রিকেটাররা অভিষেকের এক সপ্তাহের মধ্যে সবকিছু শিখে-পড়ে নেবে। অথচ বাস্তবতা হলো, এদের অনেকেই হাইস্কুল ছেড়েছে কি ছাড়েনি, জীবনের অনেক কিছুই যারা জানে না। আমরা অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং প্রায়ই ভুলে যাই, আমরা কোনো ব্র্যান্ডের পণ্য নিয়ে নয়, কাজ করছি নেহাতই কিছু বাচ্চাদের নিয়ে। এটা সত্যিই হাস্যকর। আমাদের উচিত, এদের ভুল করতে দেওয়া এবং সেসব ভুল থেকেই শেখার সুযোগ করে দেওয়া।পন্টিংকে দলে নেওয়ার কারণগুলোর অন্যতমই ছিল এই অপরিণত-অমসৃণ প্রতিভা, আসলে যেটা তার এমন লড়াকু মানসিকতা গড়ে দিয়েছে। আরও অনেক তরুণের মতোই সেও ভুল থেকে শিখে শিখে পরিণত হয়েছে।ক্রিকেট পর্যবেক্ষক, খেলোয়াড় ও ভাষ্যকার হিসেবে যে সময়টা আমি কাটিয়েছি, তাতে করে পন্টিংকে আমার দেখা সেরা অস্ট্রেলীয় ব্যাটসম্যানের তালিকায় গ্রেগ চ্যাপেল আর মার্ক ওয়াহর পাশেই রাখব। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত পন্টিংই বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিল। শচীন টেন্ডুলকারের চেয়েও ভালো। ব্রায়ান লারার চেয়েও ভালো। এই সময়ে তাকে খেলতে দেখাটাও ছিল আসলে সৌভাগ্য, যে সময়টায় সে সামনে থেকে একটা সর্বজয়ী দলের নেতৃত্ব দিয়েছে। এ সময় সে যে ব্যাটসম্যানশিপের পরিচয় দিয়েছে, এমনটা খুবই বিরল।পন্টিং ক্রিকেটীয় সহবতও খুব ভালো জানত। পেশোয়ারে আমি যখন অপরাজিত ৩৩৪ রান করে সাজঘরে ফিরছিলাম, আমার জুটি হিসেবে অন্য প্রান্তে সে-ই ছিল। কখনোই ভুলব না, মাঠ থেকে ঠিক বেরিয়ে আসার মুহূর্তে পন্টিং আমার পেছনে চলে এসে আমাকেই আগে মাঠ থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছিল।অস্ট্রেলীয় ক্রিকেট তৈরি হয়েছে ১৪০ বছরের ঐতিহ্যকে ধারণ করে, সেই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহমান। এই দলের মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক দলগুলোর মূল্যবোধ ঢুকিয়ে দিতে কাজ করেছে পন্টিংই।আমার চোখে পন্টিং ছিল অন্য ধাঁচের এক নেতা। ও ছিল এমন একজন অধিনায়ক, যে নিজেকেই সামনে থেকে পথ দেখাত এবং চাইত বাকিরা সেই পথ অনুসরণ করুক। ২০০০-এর মাঝামাঝি থেকে ২০০৮ সাল পর্যন্ত অসামান্য প্রতিভাধর যে দলটাকে সে নেতৃত্ব দিয়েছে, তাতে ওর এমন নেতৃত্বগুণ ছিল খুবই কার্যকর; যদিও ২০০৮ সাল থেকে দলের পাশাপাশি সে নিজেও যুঝতে শুরু করেছিল।অস্ট্রেলীয় ক্রিকেট কখনোই থেমে থাকেনি; সামনে এগিয়ে যাবেই। ব্র্যাডম্যানের পর এগিয়েছে, স্টিভ ওয়াহর পর এগিয়েছে, রিকির পরও এগিয়ে যাবে। মাইকেল ক্লার্কের মতো ভালো একজন অধিনায়কের হাতে দলের নেতৃত্বভার। আমি ভবিষ্যৎ নিয়ে তাই আশাবাদী। যদিও পন্টিং এমন এক খেলোয়াড়, যার শূন্যতা কখনোই পূরণ হবে না।দ্য অস্ট্রেলিয়ান থেকে ভাষান্তর