যারা কারচুপি চায়, তারাই ইভিএমের বিরোধিতা করে: সাখাওয়াত
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি চালু করা হয়েছে। তাতে কারচুপি করার কোনো সুযোগ নেই।নির্বাচন কমিশনার বলেছেন, কুমিল্লায় শতভাগ ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতি সবার জন্য আরামদায়ক হয়েছে, সহজেই সবাই ভোট দিতে পেরেছেন। যার কারণে অল্প সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে। ইভিএম নিয়ে দেশের বিরোধী দলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা গেলেও পুরোপুরি বিরোধিতা করেনি। ইভিএম পদ্ধতিতে কারচুপি করা সম্ভব নয় বরং নির্বাচনে যারা কারচুপি করতে চায়, তারাই ইভিএম পদ্ধতির বিরোধিতা করে।আজ শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সার্ভার স্টেশন উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, ‘কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হচ্ছে আমার শেষ নির্বাচন। মৌচাকের নির্বাচন হবে ১৩ ফেব্রুয়ারি। আমি চলে যাবে ১৪ তারিখ। ইউপি নির্বাচন ছোট হলেও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে সরকারি ও বেসরকারি যেসব কর্মকর্তা আছেন, অবশ্যই সততার সঙ্গে কাজ করবেন। কোনোভাবে আপনারা নির্বাচনে প্রভাব বিস্তার করলে এবং তা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) ও উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবির, পৌরসভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, আমিনুর রহমান, মেজবাহ উদ্দিন খন্দকার, ফজলে এলাহী প্রমুখ।সাখাওয়াত হোসেন বলেন, ভোটার ও প্রার্থীদের মধ্যে আজ অনেক পরিবর্তন হয়েছে। নারায়ণগঞ্জ নির্বাচন তার একটি উদাহরণ। নির্বাচনের আগে অনেকেই টক শো করে বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে না, মারামারি ও হানাহানির ঘটনা ঘটবে কিন্তু তার কিছুই হয়নি। টাকাপয়সা নিয়ে এখন আর মানুষ ভোট দেয় না। কোটি কোটি টাকা করেছে, কিন্তু ধরতে পারিনি। ফল কী হয়েছে, এক প্রার্থী আগেই বসে গেছেন; অন্যজন ধারাশায়ী হয়েছেন। অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের পর ব্যতিক্রম দেখা গেছে। নির্বাচন শেষে পরাজিত প্রার্থী ঘোষণা দিয়ে ফলাফল মেনে নিয়েছেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করতে সরকার যে সার্চ কমিটি গঠন করেছে, তা অবশ্যই ভালো উদ্যোগ। তবে শেষ পর্যন্ত এর ফলাফল কী হবে, তা জানি না। গাজীপুর সিটি করপোরেশনের কাজ শুরু হয়েছে। খুব দ্রুতই গাজীপুরকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হবে।’