যারা ধর্মঘট ডেকেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা নৌ-ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল রোববার আংশিকভাবে পালিত হয়েছে। শ্রমিক ফেডারেশন এবং সরকার ও লঞ্চ মালিক সমিতি নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। বেতনকাঠামো সংশোধনের দাবিতে গত শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করে ফেডারেশন। ধর্মঘটের কারণে গতকালও চট্টগ্রাম ও মংলা বন্দরে জাহাজের পণ্য খালাস বন্ধ ছিল। এদিকে শ্রম আইন লঙ্ঘন করে ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী।অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, ‘সকাল আটটা থেকে দুপুর আড়াইটার মধ্যে ঢাকার সদরঘাট টার্মিনাল ছেড়ে যায় এমভি সোনারতরী-১, তানজিল, মানিক-৮, মিতালী-২, ময়ূর-১ লঞ্চ। তবে লঞ্চগুলোয় যাত্রী ছিল কম। ঘাটে থাকলেও মাস্টারের অভাবে কিছু লঞ্চ ছাড়তে পারেনি। এর মধ্যে আছে সাগরিকা, নিউ মেঘনা রানী, দ্বীপরাজ-৪, শরীয়তপুর-১, সন্ধী-১ ও ৮, লালিয়া, সুরেশ্বর ইত্যাদি। বিকেলে সৈকত-৮ ও সুন্দরবন-৬ লঞ্চঘাটে দেখা গেলেও সেগুলো ছাড়া হয়নি।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, শ্রম আইন লঙ্ঘন করে যারা ধর্মঘট ডেকেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। আইন লঙ্ঘনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিতে এই ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘট বিধিসম্মত নয়। শ্রম আইন অনুযায়ী যেকোনো ধর্মঘট ডাকার ১৫ দিন আগে নোটিশ দিতে হয়। এ ছাড়া ধর্মঘট দেওয়ার আগে ভোট নিতে হয়। ৭৫ শতাংশ শ্রমিক পক্ষে ভোট দিলেই কেবল ধর্মঘট ডাকা যায়।ধর্মঘট প্রত্যাহারে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না, জানতে চাইলে শাজাহান খান বলেন, নৌশ্রমিক ফেডারেশনের কর্মীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না। তবে তিনি আশা করেন, সোমবারের মধ্যেই (আজ) ধর্মঘট প্রত্যাহার করে নেবে নৌযান শ্রমিক ফেডারেশন।গতকালও নৌযান শ্রমিক ফেডারেশনের কোনো নেতা-কর্মীকে সদরঘাট এলাকায় দেখা যায়নি। তবে নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. শাহআলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘শ্রমিকদের ন্যায্য আন্দোলন নস্যাৎ করার পাশাপাশি নৌমন্ত্রী, মালিকদের একাংশ ও দালাল-শ্রমিক নেতারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন। শাহআলম একটি টেলিভিশন চ্যানেলে শাজাহান খানের পদত্যাগও দাবি করেন। এদিকে ঢাকা নৌযান শ্রমিক লীগ বিকেল পাঁচটার দিকে সদরঘাট এলাকায় ধর্মঘটের বিরুদ্ধে মিছিল করে।লঞ্চমালিকদের সমিতি অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী-পরিবহন) সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান বলেন, শ্রমিকদের জন্য যে বেতনকাঠামো করা হয়েছে তা যথেষ্ট। এর বেশি বেতন বাড়ানো হলে ভাড়া বাড়ানো ছাড়া মালিকদের কোনো উপায় থাকবে না।প্রসঙ্গত, নৌশ্রমিকদের বেতন ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু ফেডারেশন ৩০০ শতাংশ দাবি করেছে।এদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক নৌযান শ্রমিক-কর্মচারীদের ২২ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের পটুয়াখালী অফিস জানায়, গতকাল নির্ধারিত তিনটি দোতলা লঞ্চের বদলে বিশেষ ব্যবস্থায় ঢাকা থেকে সুন্দরবন-৬ ও সৈকত-১ নামে দুটি লঞ্চ যাত্রী নিয়ে সকালে ঘাটে এসে পৌঁছায়। বিকেলে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কর্মীর সংকটের কারণে লঞ্চ দুটি ছাড়েনি। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। আমাদের মংলা সংবাদদাতা জানান, মংলা বন্দরের জেটি ও পশুর চ্যানেলে অবস্থানরত সব বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠানো-নামানো বন্ধ ছিল। এ ছাড়া বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌরুটসহ মংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ ছিল। গতকাল বন্দরের পশুর চ্যানেল ও ক্রীক বয়ায় পণ্যবোঝাই দুই শতাধিক নৌযান অবস্থান করছিল।