যারা বিভ্রান্তি ছড়ায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা বিভ্রান্তি ছড়াতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্য সর্বস্তরের লোকজনকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি আজ রোববার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন।অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী নদীভাঙন প্রসঙ্গে বলেন, ৩০০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষার কাজ এর মধ্যেই শুরু হয়েছে। নির্বাচনের সময় জনগণকে দেয়া ওয়াদা রক্ষা করেছি।এরআগে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঈদের পরে বিরোধী দলের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সচেষ্ট থাকবে । তিনি বলেন, বিরোধী দলের আন্দোলনের কোনো ইস্যু নেই। এর পরও যদি তারা আন্দোলনের ইস্যু তৈরি করে তাহলে জনগণ তার জবাব দেবে। বিরোধী দল দেশে অরাজকতা সৃষ্টি করলে জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেয়া হবে। সরকার বেআইনিভাবে কোনো কিছু করবে না।তিনি দেশের সামপ্রতিক অবস্থা সম্পর্কে বলেছেন, রমজানের গত এক মাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিলো। বিদ্যুৎ গ্রিডে নতুন করে বিদ্যুৎ যোগ হয়েছে। ফলে বিদ্যুতের তেমন একটা সমস্যা হয়নি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল পর্যায়ে রয়েছে। সবদিক থেকে মানুষের জনজীবনে দুর্ভোগ কম ছিল। শান্তি-শৃঙ্খলা ও আনন্দঘন পরিবেশে মানুষ এবার ঈদুল ফিতর উদযাপন করেছে বলে তিনি দাবি করেছেন।