যিশুখ্রিষ্ট ও মানবাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বড়দিন। ধর্মীয় ডকট্রিন বা ডগমার চেয়ে মূল্যবোধে জীবনকে নতুন করে গড়ে তোলার আহ্বান শোনার দিন আজ। সময়ের মাপে ক্ষুদ্রতম একটি দিন হলেও আত্মিক তাৎপর্যে এ দিনটি বড়। বর্ষপরিক্রমায় বড়দিন ফিরে আসে, যেন আমরা যারা খ্রিষ্টকে পরিত্রাতারূপে বিশ্বাস করি, তারা চিন্তাচেতনায় এদিনের তাৎপর্য উপলদ্ধি করে তাঁর আদর্শ অনুসরণ করতে চেষ্টা করি। মানুষের সামগ্রিক পরিত্রাণ ও কুশলের জন্য নিঃস্বার্থ প্রেম ও ত্যাগের গুরু খ্রিষ্ট জন্মেছিলেন নিতান্ত দীনবেশে। কিন্তু স্বর্গ সেদিন গান গেয়েছিল, ‘ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে তাঁর প্রিয়পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।’বাইবেল সাক্ষ্য দেয়, যিশুর জন্মের পর রাজা হেরোদ তাঁকে হত্যার ষড়যন্ত্র করেন। তাই নবজাত শিশুকে রক্ষা করার জন্য পিতা-মাতা যোসেফ ও মরিয়ম যিশুকে নিয়ে মিসরে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন। যিশুর খোঁজ না পেয়ে সেদিন হেরোদের জল্লাদ বহু নিরপরাধ শিশুকে হত্যা করে। জন্ম থেকেই যিশু ছিলেন মৌলিক অধিকারহারা একটি মানুষ। এভাবেই কেটেছে তাঁর পার্থিব জীবন। একদিন সমাজের ধর্মান্ধ মানুষ প্রহসনমূলক এক বিচারের রায়ে মৃত্যুদণ্ড দিয়ে তাঁকে নিষ্ঠুরভাবে হত্যা করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বত্রই খ্রিষ্ট হয়েছিলেন অপমানিত ও মানবাধিকারবঞ্চিত। খ্রিষ্টের জন্ম, জীবন ও কাজকে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দেখার একটা সংগত কারণ আমরা সব সময়ই উপলব্ধি করি। খ্রিষ্ট বিশ্বাসানুসারে মানবদেহ ধারণের মাধ্যমে তিনি মানবজীবনকে চূড়ান্ত মূল্যে ভূষিত করেছেন। ঈশ্বর প্রেমময়। যিশুখ্রিষ্টঈশ্বরের সেই স্বর্গীয় প্রেমকে চূড়ান্তরূপে প্রকাশ করেছেন তাঁর বাক্যে, শিক্ষায় ও মানুষের জন্য তাঁর সেবার কাজে। যেখানেই মানুষ অত্যাচারিত ও অধিকারবঞ্চিত হয়েছে, সেখানেই তিনি তার অধিকারে তাকে প্রতিষ্ঠিত করেছেন। পবিত্র বাইবেলের শিক্ষা অনুসারে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি। তার মানে মানুষের মধ্যে ঈশ্বরের বিষয়ে চিন্তার আত্মিক শক্তি আছে, আছে ঈশ্বরের নৈতিক গুণাবলি, যথা পবিত্রতা, প্রেম, ন্যায্যতা, ক্ষমা ইত্যাদি। যিশুখ্রিষ্ট মানুষের বেশে এসে মানুষের দুঃখকষ্টের অভিজ্ঞতাকে আপন করে নিয়েছেন, যেন মানুষ ঈশ্বর ও তাঁর প্রেমকে জানতে পারে, ঈশ্বরের সঙ্গে এবং অন্য মানুষ ও প্রকৃতির সঙ্গে সুসম্পর্কে বাস করতে প্রেরণা লাভ করে। বাইবেলে বলা হয়েছে, ঈশ্বর মানুষের সব দুঃখে দুঃখিত। খ্রিষ্টপূর্ব অষ্টম শতকের নবী যিশাইয় তাই বলেছিলেন, ‘তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাঁহার শ্রীমুখস্বরূপ দূত তাহাদিগকে পরিত্রাণ করিতেন, তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিগকে মুক্ত করিতেন এবং পুরাকালের সমস্ত দিন তাহাদিগকে তুলিয়া বহন করিতেন।’ (যিশাইয় ৬৩: ৯)এ কথা সত্য যে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে ওই কথা নবী ইসরায়েল জাতির প্রসঙ্গে বলেছিলেন। কিন্তু ঈশ্বর সমস্ত মানুষের, সব মানুষই তাঁর প্রেম ও অনুগ্রহের পাত্র। কিন্তু তিনি চান যেন মানুষ তাঁর ন্যায্যতা ও ধার্মিকতার শিক্ষানুসারে জীবন যাপন করতে আন্তরিক হয়। তাই তাঁর ইচ্ছার অবাধ্য হয়ে অন্যায় ও অধর্মের পথে চললে কোনো মানুষ তার দণ্ড এড়াতে পারে না; যেমন ইতিহাস বলে ইসরায়েল জাতিও পারেনি। খ্রিষ্টধর্মে মানুষের প্রতি ঈশ্বরের প্রেমই হচ্ছে বড় কথা। পাপী মানুষের পাপজনিত সব দুঃখ মোচনের জন্য খ্রিষ্ট এ জগতে এসে তার মুক্তির মূল্যরূপে জীবন দান করেছেন। তাঁর জীবন, শিক্ষা ও কাজ ছিল অসাধারণ ও ব্যতিক্রমী। শিষ্যদের তিনি বলেছেন শত্রু-মিত্রভেদে সবাইকে প্রেম করতে। পুরোনো নিয়মে বলা হয়েছিল, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত। খ্রিষ্ট এসে বললেন, ‘কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাহলে অন্য গালও তুমি তার দিকে ফিরিয়ে দিয়ো। যদি কেউ তোমাকে এক মাইল যেতে বলে, তুমি তার জন্য দুই মাইল যেতে প্রস্তুত থেকো।’ ধর্মীয় গোঁড়ামি ও লৌকিক ধর্মকর্মের চেয়ে তিনি মূল্যবোধের দিকে সবাইকে আহ্বান জানিয়েছেন। খ্রিষ্টীয় চিন্তায় মানবাধিকারের মূলে আছে এই বিশ্বাস যে সব মানুষকে ঈশ্বর তাঁর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠরূপে সৃষ্টি করেছেন, তার মধ্যে তিনি দিয়েছেন তাঁর নৈতিক গুণাবলির অংশ। তাই খ্রিষ্টীয় নৃতত্ত্বের ভাষায়, মানুষের অপমানে স্বয়ং স্রষ্টাও হন অপমানিত। ঈশ্বর স্বর্গে আছেন বলে আমরা বিশ্বাস করলেও তাঁর কাজ ও বিচরণ মানুষের মধ্যেই। মানুষের সব মৌলিক অধিকারের ভিত্তি হলো সৃষ্টির মধ্যে তাঁর অবস্থান। বিখ্যাত জার্মান ঈশ্বরতত্ত্ববিদ য়ুর্গেন মোল্টমানের কথায়, এ জগতে ঈশ্বরের সৃষ্টিকে যত্ন ও তা উপভোগ করার জন্য মানুষকে ঈশ্বর যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, তারই বলে ঈশ্বরের কাছে মানুষ নৈতিকভাবে দায়বদ্ধ। আর সেই দায়বদ্ধতার সর্বপ্রধান প্রকাশ হতে হবে সব মানুষের মানবীয় অধিকার সংরক্ষণের মধ্য দিয়ে।লাতিন আমেরিকার বিশপ হেলমুট ফ্রেঞ্জ বলেন, মানবাধিকার হলো স্বর্গীয় প্রাপ্যের সামাজিক বাস্তবায়ন। এর অর্থ এই যে জগৎ ও মানবজীবনের প্রতি আজ আমাদের পবিত্র এক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। বাইবেলে বলা হয়েছে, ঈশ্বর প্রতিদিন তাঁর সৃষ্টির কাজ শেষে সুন্দর সৃষ্টির দিকে তাকিয়ে পরম তৃপ্তিতে বলেছেন, ‘উত্তম!’ সবকিছু সৃষ্টির শেষে মানুষ সৃষ্টি করার পর তিনি বলেন, ‘অতি উত্তম!’ কিন্তু মানুষ লোভ ও ক্ষমতার মোহে ঈশ্বরের কাছ থেকে হয়েছে বিচ্ছিন্ন। সেই বিচ্ছিন্নতার ধারাবাহিকতায়ই মানুষে মানুষে হিংসা, বিভেদ ও যত রকমের হানাহানি। মহাজ্ঞানী রাজা সলোমন তাই বলেছিলেন, ‘ঈশ্বর মনুষ্যকে সরল করিয়া নির্মাণ করিয়াছিলেন, কিন্তু তাহারা অনেক কল্পনার অন্বেষণ করিয়া লইয়াছে।’ (উপদেশক ৮: ২৯)। ঈশ্বর খ্রিষ্টজন্মে মানবজীবনকে চূড়ান্ত মূল্য দিয়েছেন। মানুষ অদ্ভুত ও আশ্চর্যরূপে নির্মিত। আজ মানুষ জ্ঞানবিজ্ঞানের চরম শিখরে পৌঁছেছে বটে, কিন্তু সময় হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদের কতটুকু মানবীয় মূল্যবোধের উৎকর্ষ ও চর্চায় মানুষকে এগিয়ে দিচ্ছে আর কতটুকুই বা সেই মূল্যবোধকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা ভেবে দেখার। যারা ক্ষমতাপন্ন ও সবল তাদের অহংকার, ক্ষমতার অপব্যবহার, পরমতসহিষ্ণুতার অভাবে আজ পৃথিবীর সর্বত্রই যেন মানবতা লাঞ্ছিত, মূল্যবোধ আজ বিকৃত, ব্যক্তি পরিণত বস্তুতে। যিশুখ্রিষ্ট কোনো মানুষকে তার বর্তমান কোনো অবস্থান বা অবস্থার আলোকে বিচার করেননি, তিনি তার মধ্যে দেখেছেন ঈশ্বরের সুপ্ত প্রতিভাকে। সমাজ যাদের দূরে রেখেছে সেই অন্ধ, খঞ্জ, মূক, বধির, প্রতিবন্ধী সবার মধ্যে এনে দিয়েছেন মানবজীবনের মর্যাদা। একজন মানুষ বর্তমানে কী বা কোন অবস্থানে আছে তা নয়, কিন্তু সে কী হতে পারে তা-ই ছিল যিশুর কাছে বড় কথা। আজ অন্য মানুষের জন্য অবিবেচনা যেন আমাদের জীবনের সর্বস্তরে বড় এক সংকটময় অবস্থা তৈরি করেছে। অনেকের জীবন আজ বড় এক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার শিকার। খ্রিষ্টের দুটি শিক্ষা যেকোনো মানুষের মনে দাগ কাটতে সমর্থ। প্রথমত, মানুষের জন্য ঈশ্বরের শ্রেষ্ঠ দুটি আজ্ঞা, যথা সমস্ত শক্তি ও সত্তা দিয়ে ঈশ্বরকে প্রেম করা এবং প্রতিবেশীকে নিজের মতো প্রেম করা। দ্বিতীয়ত, তুমি অন্যের কাছ থেকে যে ব্যবহার পেতে চাও, সেই রূপ ব্যবহার তুমি তাকে দাও। আজ যখন মানুষে মানুষে হিংসা ও হানাহানি; পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বমানব পরিবারে যেখানে মানবতার অবমাননা, তখন আমাদের প্রত্যেককেই অধিকার ও কর্তব্য, এ উভয়ের ওপরই গুরুত্ব দিতে হবে। যেখানে আজ ধর্ম, বর্ণ, জাতি, দল ও শ্রেণীতে হিংসা ও স্বার্থপরতা সেখানেই ঈশ্বর ব্যথিত ও দুঃখিত। আজ যারা জীবনসংগ্রামে পর্যুদস্ত, যারা আজ ক্ষতবিক্ষত, ঈশ্বরের বিষয়ে তাদের সর্বোত্তম কথাগুলো হোক নৃতত্ত্বের ভাষায়। খ্রিষ্টের সুসমাচারে মানুষের পরিপূর্ণ মর্যাদা রয়েছে কেন্দ্রীয় স্থানে। সামাজিক অন্যায্যতা যেখানে যত প্রকট সেখানে সামাজিক ধার্মিকতার গুরুত্ব তত বাড়তে বাধ্য। সামাজিক ন্যায্যতা, মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবীয় অধিকার প্রতিষ্ঠার তাগিদ এখন তাই আমাদের ধর্মীয় মূল্যবোধের কেন্দ্রীয় বিষয়। বাইবেলে ধর্মকর্মকে শান্তি, ন্যায্য আচরণ ও মানবাধিকারের সঙ্গে একসঙ্গে দেখা হয়েছে। কারণ মর্ত্যের মানুষের অধিকারের উৎস স্বর্গে, যে স্বর্গ ছেড়ে পুত্র এলেন পিতার প্রেম জানাতে, যেন মানুষের মধ্যে শান্তি ও প্রেমই হয় প্রথম ও শেষ কথা। মানুষের এমন কোনো ব্যথা কি দুঃখ নেই, যা ঈশ্বর মোচন করতে পারেন না। মানুষকে কেবল বেছে নিতে হবে, কোন পথে তার সেই শান্তি। যিশুখ্রিষ্টের জীবন ও শিক্ষা আজ আমাদের সেদিকেই এগিয়ে দিক।মার্টিন অধিকারী: ধর্মতাত্ত্বিক, সমাজসেবক