যিশুখ্রিষ্টের জন্মদিনে
আবার এল খুশির বড়দিন। যিশুখ্রিষ্টের জন্মদিন। প্রায় দুই হাজার বছর আগে জেরুজালেম নগরে ত্রাণকর্তা যিশু মানুষ রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্ম নিয়েছিলেন নিতান্তই গরিব বেশে, গোয়ালঘরে। পবিত্র বাইবেলে লেখা আছে: রাজা আউগুস্তুস সিজারের আমলে রাজাজ্ঞা জারি হয়েছিল লোকগণনার। সবাইকে নিজ নিজ শহরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যিশুর পালক পিতা যোসেফ ও মা মারিয়ার বাড়ি ছিল গালিলেয়ার নাজারেথ শহরে। তাই তাঁদের নাজারেথে যেতে হয়েছিল। সময়টি ছিল প্রচণ্ড শীতের। মারিয়া তখন ছিলেন গর্ভবতী। নাজারেথ শহরে তখন হাজারো মানুষের ঢল। তারা সবাই এসেছিল লোকগণনার জন্য নাম লেখাতে। এ সময়ই মারিয়ার প্রসবকাল পূর্ণ হলো। শত চেষ্টা করেও কোথাও তাঁরা এতটুকু স্থান পেলেন না। অবশেষে তাঁরা আশ্রয় নিলেন একটি ছোট গোয়ালঘরে। এখানেই যিশুর জন্ম হলো। নবজাতককে শীতের হাত থেকে রক্ষা করার মতো তাঁদের ছিল না কোনো শীতবস্ত্র। গোয়ালঘরের গরু-ভেড়া-গাধার গরম শ্বাস-প্রশ্বাসই শিশু যিশুকে শীতের হাত থেকে রক্ষা করেছিল। খ্রিষ্টানরা বিশ্বাস করে, মানব পরিত্রাতা যিশুর মানবরূপে এ পৃথিবীতে আগমন ঘটেছিল স্বয়ং ঈশ্বরেরই শক্তিতে, কোনো মানুষের প্রভাবে বা শক্তিতে নয়। তাই যিশু ছিলেন পাপশূন্য। যে গর্ভে যিশু জন্মগ্রহণ করেছিলেন, সেই কুমারী মারিয়াকেও ঈশ্বর সৃষ্টি করেছিলেন নিষ্পাপ করে। জন্মগতভাবেই তাঁর কোনো পাপ ছিল না। যিশুর জন্মের সুসংবাদ সর্বপ্রথম পেয়েছিল রাখালেরা, যারা মাঠে ভেড়া পাহারা দিচ্ছিল। তারা স্বর্গদূতের মাধ্যমে এ সংবাদটা পেয়ে শিশু যিশুকে প্রণাম জানাতে গোয়ালঘরে এসেছিল। পরে পশ্চিম দেশের তিনজন জ্যোতির্বিদ পণ্ডিত মহামূল্যবান উপহারসামগ্রী নিয়ে এসেছিলেন যিশুকে প্রণাম জানাতে।যোসেফ ও মারিয়ার স্নেহ-ভালোবাসায় যিশু বয়সে-জ্ঞানে-বুদ্ধিতে বেড়ে ওঠেন। ৩০ বছর তিনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করেছেন। তার পরই শুরু করেন তাঁর প্রকাশ্য জীবন। তিনি শিক্ষা দিয়েছেন: আত্মায় দীনহীন যারা, তারাই সুখী, কারণ স্বর্গরাজ্য তাদেরই। শোকার্ত যারা, তারাই সুখী, কারণ তারাই সান্ত্বনা পাবে। কোমলপ্রাণ যারা, তারাই সুখী, কারণ তারাই পাবে দেশের উত্তরাধিকার। ধর্মময়তার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত যারা, তারাই সুখী, কারণ তারাই পরিতৃপ্ত হবে। দয়াবান যারা, তারাই সুখী, কারণ তারাই দয়া পাবে। শুদ্ধ হূদয় যারা, তারাই সুখী, কারণ তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তির সাধক যারা, তারাই সুখী, কারণ তারাই ঈশ্বরের সন্তান বলে অভিহিত হবে। ধর্মময়তার জন্য নির্যাতিত যারা, তারাই সুখী, কারণ স্বর্গরাজ্য তাদেরই। যিশু বলেছেন, ‘তোমরা সুখী, লোকেরা যখন আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এবং তোমাদের বিরুদ্ধে মিথ্যা-মিথ্যি সব ধরনের জঘন্য কথা বলে, আনন্দ করো, উল্লাস করো, কেননা স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত আছে মহামূল্যবান পুরস্কার।’যিশু শুধু মুখেই শিক্ষা দেননি, তিনি তাঁর জীবনেও তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তিনি খাদ্যহীনকে খাবারের ব্যবস্থা করেছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন, অসুস্থকে সুস্থ করেছেন, পাপীর পাপ ক্ষমা করেছেন, মৃত ব্যক্তির জীবন ফিরিয়ে দিয়েছেন। যিশুর শিক্ষার মূল বিষয় ছিল ঈশ্বর ও মানুষের প্রতি ভালোবাসা। তিনি বলেছেন, ‘যা কিছু তুমি করেছ তোমার ক্ষুদ্রতম ভাইবোনের প্রতি, তা করেছ আমার প্রতি।’ভালোবাসা সম্পর্কে যিশুর মূল শিক্ষা হলো, ভালোবাসা সহিষ্ণু, ভালোবাসা মধুর, ভালোবাসা ঈর্ষা করে না, বড়াই করে না, গর্বে স্ফীত হয় না, রুক্ষ হয় না, স্বার্থপর নয়, বদমেজাজি নয়, পরের অপকার করে না, অধর্মে আনন্দ করে না। ভালোবাসা সবই ক্ষমা করে, সবই বিশ্বাস করে, সবই ধৈর্যের সঙ্গে সহ্য করে।দুই হাজার বছর পরও বর্তমান বাস্তবতায় যিশুর শিক্ষা মেনে চলা আমাদের জন্য কতই না প্রয়োজন। প্রকৃত ভালোবাসার আজ কতই না অভাব। একই রক্ত-মাংসের মানুষ হয়েও আমরা আজ আর অন্যের সঙ্গে মিলেমিশে থাকতে চাই না। অভাবীদের সঙ্গে ভাগাভাগি করে আর খেতে চাই না। দিনের পর দিন যেন আমাদের জীবন থেকে ধৈর্য-সহনশীলতা হারিয়ে যাচ্ছে। আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছি। শুধু নিজেকে নিয়েই যেন আমরা ব্যস্ত। অন্যের কথা ভাবার সময় কোথায়? অন্যের অভাবে পাশে দাঁড়ানোর মানসিকতা আজ আর তেমন চোখে পড়ে না। তাই যিশুখ্রিষ্টের জন্মদিন আমাদের সবার জন্য এ চেতনাই এনে দিক—আমরা সবাই যেন সবাইকে ভালোবাসি, শ্রদ্ধা-সম্মান করি। অন্যের কোনো কল্যাণ করতে না পারলেও আমরা অন্যের কোনো ক্ষতি করব না। নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে নিজ নিজ সামর্থ্য অনুসারে সাহায্য করতে চেষ্টা করব।কমল কোড়াইয়া: প্রাক্তন পরিচালক, খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্র