যুক্ত হোক আরও অনেকে
সারা দিনে দম ফেলার ফুরসত নেই হাছনা বেগমের। হাতে কত কাজ! কাগজের ঠোঙা, বাক্স, শপিং ব্যাগ ও জালের (নেট) ব্যাগ বানাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। তা না হলে তাঁর স্বপ্নগুলো থমকে যাবে। বন্ধ হয়ে যাবে সন্তানদের লেখাপড়া। ঠোঙা ও ব্যাগ বানিয়েই তো মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। কিনেছেন এক চিলতে ভিটেবাড়ি। কিন্তু এর জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। হাছনা বেগম তখন অষ্টম শ্রেণীর ছাত্রী। মা-বাবার সঙ্গে থাকেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাসটিলাতে। হঠাৎ বিয়ে হয় ছাপাখানার শ্রমিক মুক্তার হোসেনের সঙ্গে। বছর ঘুরতে না ঘুরতেই কোলে আসে প্রথম কন্যাসন্তান। স্ব্বামীর যা রোজগার, তাতে সংসার চলে না। দিশেহারা অবস্থা। জীবনের এই কঠিন বাস্তবতায় হাছনা বেগম ভাবতে থাকেন কীভাবে আয়-রোজগার করা যায়। একসময় অন্যদের দেখে মাথায় আসে চানাচুর তৈরির কথা। কিন্তু চানাচুর তৈরির যন্ত্রপাতি ও পুঁজি কিছুই নেই। হাছনা বেগম বলেন, ‘যাদের চানাচুর তৈরির যন্ত্র ছিল, তাদের কাজ করে দিতাম। সেই কাজের বিনিময়ে তাদের যন্ত্র ও কড়াই ব্যবহার করতাম। আমার তৈরি চানাচুর বিক্রি করতাম।’তবুও অভাব কমে না। ছেড়ে দিলেন চানাচুর-বাণিজ্য। ভানুগাছ বাজারে একটি চায়ের দোকান খুললেন। স্বামী-স্ত্রী মিলে চায়ের দোকান চালান। পাশাপাশি স্বামী স্ক্রিন প্রিন্টের কাজ করেন। কিন্তু জীবনযাপনের ব্যয় আর আয়ের মধ্যে সংগতি হয় না। আবার নতুন পথ খোঁজেন দিশেহারা হাছনা বেগম। পেয়েও যান। ২০০২ সাল। শুরু করেন কাগজের ঠোঙা বাক্স বানানো। যন্ত্রপাতি নেই। হাতে কাগজ কেটে হাতেই বানান। সপ্তাহে দুই-তিন শর মতো ঠোঙা বানাতে পারেন। সেই ঠোঙা বিক্রি করেন নির্দিষ্ট কিছু মিষ্টির দোকানে। তাঁর ঠোঙার চাহিদা থাকলেও হাত দিয়ে এর বেশি ঠোঙা বানানো সম্ভব হয় না। এই ঠোঙা বিক্রি করে সংসারের খরচপাতি করেও কিছু টাকা সঞ্চয় হতে থাকে। ২০০৬ সালে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন গ্রামে ১৫ হাজার টাকা দিয়ে দেড় শতক জমি কেনেন। তৈরি করেন নিজের ঘর। গত ফেব্রুয়ারি মাসে ঠোঙা বানানোর জন্য ৭০ হাজার টাকা দিয়ে একটি যন্ত্র কিনেছেন। এখন সপ্তাহে ছোট-বড় ছয়-সাত শ ঠোঙা বানিয়ে সরবরাহ করতে পারেন। হাছনা বেগম বলেন, ‘চাহিদা আছে। কিন্তু পুঁজির জন্য সরবরাহ করতে পারছি না। এই আয় থেকে সংসারের খরচ, চারটা ছেলেমেয়ের পড়ার খরচসহ প্রতিদিন চার-পাঁচ শ টাকা খরচ হয়। ঋণও শোধ করতে হয়। তাই বাড়তি কাগজ কিনতে পারি না। অনেক ব্যাংকে গেছি। ঋণ পাই না।’ সম্প্রতি ব্র্যাক থেকে টিফিন ব্যাগ, কফি ব্যাগ, পাট ও চটের শপিং ব্যাগ তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। একটি সেলাই মেশিনও কিনেছেন। তাঁর ইচ্ছা, অন্তত চারটি সেলাই মেশিন কেনা এবং আশপাশের নারীদের প্রশিক্ষণ দিয়ে কাজের সঙ্গে যুক্ত করা। প্রতিবেশীরা তাঁর কাছে কাজ শিখতে আসছেন। হাছনা বেগম বলেন, ‘স্বপ্ন দেখি অনেক নারী আমার কারখানায় কাজ করবেন। জীবনে কল্পনা এত দূর আসতে পারব।’ লোক-গবেষক ও সংগঠক আহমদ সিরাজ বলেন, ‘দরিদ্র নারীদের সঙ্গে কাজ করতে গিয়ে হাছনা বেগমকে দেখে অবাক হয়েছি। নিজে কাজ করছেন, অন্যদেরও উৎসাহ জোগাচ্ছেন। অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সামান্য সহযোগিতা করলে এঁরা অনেক কিছু করতে পারেন।’ কর্মজীবী মহিলার আহ্বায়ক সিতারা বেগম বলেন, ‘অসহায় নারীদের কাছে হাছনা বেগম একটা উদাহরণ। তিনি অনেক কষ্ট করেছেন। পুঁজি পেলে তাঁর ব্যবসা বাড়বে, অনেক দরিদ্র নারীর কর্মসংস্থান হবে।’