ডেভিড ক্যামরনকে স্মারকলিপি
যুক্তরাজ্য একাত্তরের মানবতাবিরোধীদের আশ্রয়কেন্দ্র হতে পারে না
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে গতকাল ২৬ মার্চ একটি স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয়জন তরুণ-তরুণী। যুক্তরাজ্য একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিদের আশ্রয়কেন্দ্র হতে পারে না—এমন বক্তব্য তুলে ধরা হয় ওই স্মারকলিপিতে। ২০ মার্চ যুক্তরাজ্যে প্রথম নির্মিত ম্যানচেস্টারের ওল্ডহ্যামের শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেন এই ছয় তরুণ-তরুণী। ‘ওয়াকিং ফর জাস্টিস’ বা ‘ন্যায়বিচারের জন্য পদযাত্রা’ নামের এই কর্মসূচির উদ্দেশ্য হলো, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং অভিযুক্ত ব্যক্তিদের বিচারে সমর্থন আদায়।সংশোধনী: আজ ‘প্রথম আলো’ পত্রিকায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দপ্তরে ওই তরুণ-তরুণী আজ স্মারকলিপি দেবেন বলে ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ‘প্রথম আলো’ আন্তরিকভাবে দুঃখিত।