যুক্তরাজ্য থেকে কেনা বানৌজা বিজয় চট্টগ্রাম পৌঁছেছে
যুক্তরাজ্য থেকে সদ্য কেনা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ আজ শুক্রবার চট্টগ্রামে এসে পৌঁছেছে।‘বানৌজা বিজয়’ ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর ‘এইচ এম এস ডাম্বারটন’ নামে খ্যাত একটি আধুনিক ক্যাসেল ক্লাস রণতরী। বাংলাদেশ কেনার আগে জাহাজটি অধিকাংশ সময় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে গার্ড শিপ হিসেবে এবং ফকল্যান্ড আইল্যান্ডস ও তত্সংলগ্ন দক্ষিণ জর্জিয়ায় টহলকাজে নিয়োজিত ছিল।জাহাজটি ২০১০ সালের ১৪ মে যুক্তরাজ্যের পোর্টসমাউথে বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে প্রয়োজনীয় আধুনিকায়ন শেষে গত বছরের ২২ নভেম্বর জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সৈয়দ আরিফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা যুক্তরাজ্যের নিউক্যাসেল থেকে জাহাজটি নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেন।‘বানৌজা বিজয়’ যাত্রাপথে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এবং পথিমধ্যে শুভেচ্ছা সফর, জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য মরক্কোর তানজির, সাইপ্রাসের লিমাসল, মিসরের পোর্ট সাইদ, সৌদি আরবের জেদ্দা ও শ্রীলঙ্কার কলম্বো বন্দরে যাত্রাবিরতি করে।বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিকীকরণের ধারাবাহিকতায় বর্তমান সরকার গত ১৫ এপ্রিল বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকারের মধ্যে ‘বানৌজা বিজয়’ ও ‘বানৌজা ধলেশ্বরী’ কেনার চুক্তি করে। এর মধ্যে ‘বানৌজা বিজয়’ আজ সকালে চট্টগ্রাম এসে পৌঁছে এবং অপর ‘বানৌজা ধলেশ্বরী’ গত ১৬ ডিসেম্বর স্বদেশের অভিমুখে যাত্রা শুরু করে। তা আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আজ আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।হেলিকপ্টার অবতরণের সুবিধাসংবলিত সদ্য সংগ্রহ করা এই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর নৌবহরে সংযোজনের ফলে উপকূলীয় অঞ্চল তথা উপকূলীয় বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদার ও সর্বোপরি সমুদ্র সম্পদ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।‘বানৌজা বিজয়’ ৬০ দিনের যাত্রা শেষে চট্টগ্রাম নৌজেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর স্থানীয় পদস্থ কর্মকর্তারা ও বিপুলসংখ্যক নাবিক এবং তাঁদের পরিবারের সদস্যরা জাহাজটিকে স্বাগত জানান।—বাসস