যুক্তরাজ্য বিএনপির সভাপতির মৃত্যু
যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমর উদ্দীন আজ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর।জানা গেছে, গতকাল রাতে লন্ডন প্রবাসী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া এবং তাঁর পরিবারের সঙ্গে হলিডে কাটাতে যান কমর উদ্দীন। বার্মিংহাম শহরের রামাদা হোটেলে রাত যাপনের পর সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে কমর উদ্দীন জগিং করতে গিয়ে অসুস্থ বোধ করলে জরুরি ভিত্তিতে চিকিত্সককে খবর দেওয়া হয়। তাত্ক্ষণিকভাবে চিকিত্সক ঘটনাস্থলে পৌঁছালেও কমর উদ্দীনের হূদযন্ত্রের ক্রিয়া সচল করা সম্ভব হয়নি। পরে কর্তব্যরত চিকিত্সক কমর উদ্দীনকে মৃত ঘোষণা করেন।যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া মনিরুল আলম প্রথম আলোকে জানান, কমর উদ্দীনের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির কেবল অপূরণীয় ক্ষতিই হয়নি, যুক্তরাজ্য বিএনপি অনেকটা নেতৃত্ব-শূন্য হয়ে পড়েছে। সিলেটের বিয়ানীবাজার এলাকার যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী কমর উদ্দীন ব্যক্তিগত জীবনে মানিট্রান্সফার ব্যবসা করতেন। ২০০৫ সালে তিনি যুক্তরাজ্য বিএনপিতে যোগদান করেন। ২০১০ সালে তিনি কাউন্সিলের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কমর উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।