যুক্তরাজ্য ভেটো দেওয়ায় তাকে বাদ দিয়েই ইউরো সংকট মোকাবিলায় নতুন চুক্তি করেছে ইউরো জোনভুক্ত ১৭টি দেশ। নতুন চুক্তিতে এর আগে করা লিসবন চুক্তির বাইরে ঘাটতি বাজেট এবং রাষ্ট্রীয় ঋণ কমানোর স্বার্থে অধিক নিয়ন্ত্রিত বাজেট নীতি, দেশগুলোর জাতীয় বাজেটের সমন্বয়, অধিক কৃচ্ছ্রসাধন ও ইউরো ব্যাংকের হাতে অধিক ক্ষমতা দেওয়ার জন্য আলাদাভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইউরো জোনভুক্ত ১৭ দেশের বাইরে আরও ছয়টি দেশ ভবিষ্যতে এ চুক্তির আওতায় আসবে বলে জানা গেছে।আজ রাতে ১০ ঘণ্টা আলোচনা শেষে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ‘যুক্তরাজ্য শুরু থেকেই পৃথক ইউরো মুদ্রা নিয়ে উত্সাহী ছিল না। সে ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশ নিয়ে লিসবন চুক্তির পরিবর্তন এবং পরিবর্ধনের প্রস্তাবে তারা যে ভেটো দেবে, তা আগেই অনুমিত ছিল। তবে তাতে ইইউর কোনো ক্ষতি হবে না। বরং নতুন চুক্তির মাধ্যমে ইউরো সংকট থেকে বের হয়ে আসা সম্ভব হবে।’ ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেন, ‘যুক্তরাজ্যের নিজস্ব অর্থনীতির স্বার্থের বাইরে কিছু করতে না চাওয়াটা দুঃখজনক।’ইইউভুক্ত ২৭টি দেশের মধ্যে ১৭টি ইউরো জোনভুক্ত দেশ হলেও অন্য ১০ সদস্য দেশ এ বৈঠকের ব্যাপারে তাদের মত দিয়েছে এবং ভোটাভুটিতে অংশ নিয়েছে।ইউরোপের সংবাদমাধ্যমগুলো ইউরোপের ঐক্যকে পাশে সরিয়ে ব্রাসেলসের বৈঠকে যুক্তরাজ্যের ভেটো দেওয়ার সমালোচনা করছে।নতুন প্রস্তাবগুলো আগামী বছরের মার্চ মাস থেকে ইউরো জোনভুক্ত দেশগুলোতে কার্যকর হবে। ইউরো মুদ্রাকে শক্তিশালী এবং এ সংকট থেকে বের হওয়ার উপায় খুঁজতে কয়েক সপ্তাহজুড়ে মেরকেল ও সারকোজি একাধিকবার বৈঠক করে এ প্রস্তাবগুলো তৈরি করেন। তাই নতুন এ প্রস্তাবকে বলা হচ্ছে ইউরোপীয় অর্থনীতি বাঁচাতে ‘মেরকোজি’ পরিকল্পনা।