যুক্তরাজ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যুক্তরাজ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খান, টাওয়ার হ্যামলেটসের মেয়র আহমেদ ওমর ও কাউন্সিলররা।পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত এলাকা ওল্ডহ্যাম ও লুটনে অবস্থিত শহীদ মিনারেও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রবাসী বাঙালিরা।সকালে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের সমন্বয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বিকেলে হোয়াইট চ্যাপেলে আইডিয়া স্টোরে অমর একুশে উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।