যুক্তরাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষাপদ্ধতি বদল
যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের অধিকাংশ ইংরেজি মাধ্যমের উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) পদ্ধতিতে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।যুক্তরাজ্যের মন্ত্রীরা জানিয়েছেন, শিক্ষাব্যবস্থা সংস্কারে জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) পরীক্ষাপদ্ধতি বাতিল করে ২০১৭ সালে শুরু হতে যাচ্ছে ইংলিশ ব্যাকালৌরেইট বা ইব্যাক পরীক্ষাপদ্ধতি। শিক্ষাবিদেরা আশঙ্কা করছেন, ইব্যাক পদ্ধতি চালু হলে বর্তমান শিক্ষাব্যবস্থার কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা বিপাকে পড়বে। তবে শিক্ষামন্ত্রী মাইকেল গোভ আশ্বস্ত করেছেন, শিক্ষার্থীদের একটি বড় অংশকে যথেষ্ট যোগ্যতা ছাড়া মাধ্যমিক স্কুলগুলো থেকে ছাড়পত্র দেওয়া হবে। এসব শিক্ষার্থীর কাছে নতুন পরীক্ষাপদ্ধতি ‘দুর্বোধ্য’ মনে হলে স্কুল ছাড়ার সময় তাদের ‘অর্জনের বিস্তারিত ফলাফল’ জানিয়ে কলেজগুলোকে নথিপত্র সরবরাহ করা হবে। কলেজগুলোতে শিক্ষার্থীরা পরে ১৭ বা ১৮ বছর বয়সে ওই পরীক্ষায় অংশ নেবে।গার্ডিয়ান অনলাইনের খবরে আজ মঙ্গলবার বলা হয়, পাস করার আগে শিক্ষার্থীদের এভাবে স্কুলের ছাড়পত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। শিক্ষকদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব টিচার্স আপত্তি তুলেছে, সরকার দুই সারির শিক্ষাব্যবস্থাকে উত্সাহিত করছে।শিক্ষামন্ত্রী গোভ ও ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ গতকাল সোমবার দক্ষিণ লন্ডনের একটি স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষাসংস্কারের এ ঘোষণা দেন। তাঁরা বলেন, জিসিএসই পরীক্ষাপদ্ধতি দুই ধাপে বাতিল করা হবে।প্রথমত, ২০১৫ সালের হেমন্ত থেকে শিক্ষার্থীদের ইব্যাক পদ্ধতিতে ইংরেজি, গণিত ও বিজ্ঞান পড়ানো হবে। এই পাঠ্যসূচির বিষয়গুলোর মধ্যে থাকবে ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্য, ফলিত গণিত ও গণিত, রসায়নবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান।২০১৭ সালের গ্রীষ্মে এসব বিষয়ের ওপর প্রথম পরীক্ষা হবে। ইংরেজি ও গণিতের জন্য কোনো ধরাবাঁধা পাঠ্যসূচি থাকবে না। তবে পরীক্ষাগারের শিক্ষায় গুরুত্বারোপের জন্য বিজ্ঞানের বিষয়গুলোতে কিছু নির্দিষ্ট পাঠ্যসূচি থাকছে।দ্বিতীয়ত, ২০১৬ সাল থেকে শিক্ষার্থীদের ইব্যাক পদ্ধতিতে ইতিহাস, ভূগোল এবং অন্যান্য ভাষাশিক্ষা দেওয়া হবে। ২০১৮ সালের গ্রীষ্ম থেকে এসব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ইতিহাসের কোনো পাঠ্যসূচি থাকছে না। ভূগোলে এখনকার মতো মাঠপর্যায়ের পরিদর্শন অন্তর্ভুক্ত থাকছে। ভাষাশিক্ষায় মৌখিক পরীক্ষায় কিছু সংস্কার আনা হচ্ছে।পার্লামেন্ট সদস্যদের গোভ বলেন, ‘যে পরীক্ষাপদ্ধতি পাঠ্যসূচিকে সংকুচিত করে দেয়, শিক্ষকদের কেবল পরীক্ষায় আসবে এমন বিষয়ই শিক্ষার্থীদের শেখাতে বাধ্য করে এবং শিক্ষার্থীদের জন্য সব বিষয় বেশিমাত্রায় সহজ-সরল করে তোলে, এর সংস্কার সত্যিই কঠিন। এখন সময় হলো সবকিছু আগাগোড়া পাল্টানোর, বেশি বেশি গ্রেড দিয়ে জনপ্রিয় ফল তৈরির মানসিকতার হাল টেনে ধরার।’বার্লিংটন ডেনস একাডেমিতে কনজারভেটিভ পার্টির গোভ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির ক্লেগ একসঙ্গে উপস্থিত হয়ে জানিয়ে দিলেন, গত জুনে শিক্ষাপদ্ধতির সংস্কার নিয়ে তাঁদের মধ্যে যে মতবিরোধ ছিল, তা মিটে গেছে।