যুক্তরাজ্যে এখনো বিপর্যস্ত বিদ্যুত্ ও যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ওপর দিয়ে গত শুক্রবার বয়ে যাওয়া প্রচণ্ড তুষারঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুষারপাতে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুত্ ও যোগাযোগব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। এখনো হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুত্হীন রয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের এক খবরে জানা গেছে, স্কটল্যান্ডে তুষারঝড়ের কারণে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই এলাকার বৈদ্যুতিক তারগুলো নষ্ট হয়েছে। তাপমাত্রা এখনো অনেক কম থাকায় আবহাওয়া অফিস থেকে ওই সব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।উত্তর আয়ারল্যান্ডের বিদ্যুত্ বিভাগ বলছে, গত শুক্রবার এই ভয়ংকর তুষারঝড় শুরু হয়। আর শনিবার রাত থেকে এই এলাকার প্রায় দুই হাজার বাড়ি বিদ্যুত্হীন রয়েছে। উত্তর আয়ারল্যান্ড বিদ্যুত্ বিভাগের মুখপাত্র সারা ম্যাকক্লিনটক বলেন, গ্রামাঞ্চলের কিছু গ্রাম রাতে বিদ্যুত্হীন অবস্থায় থাকবে। সড়কপথে গ্রামের বিপর্যস্ত অনেক এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, গতকাল রোববার হেলিকপ্টারে বেশ কিছু যন্ত্রপাতিসহ একটি মেরামতকারী দল ওই অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।স্কটল্যান্ডেও প্রায় একই অবস্থা। মেরামতকারীরা কিনটায়ার এলাকায় প্রায় পাঁচ হাজার বাড়িতে এবং অ্যারন এলাকায় প্রায় দুই হাজার বাড়িতে পুনরায় বিদ্যুত্সংযোগ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিলনচ হোটেলের ব্যবস্থাপক ফ্রেজার হেনরি বলেন, অ্যারন এলাকার লোকজন জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে বর্তমানে এই হোটেলে অবস্থান করছেন।ওই এলাকার রাস্তায় তুষার জমে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে ওই সব এলাকায় খুব স্বল্পমাত্রায় ত্রাণতত্পরতা চলছে। নির্ধারিত খেলা ও বিমানের ফ্লাইট আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।