যুক্তরাজ্যে কঠোর হবে যৌন অপরাধের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণকারী ও অন্য যৌন অপরাধীদের সাজা আরও কঠোর করার প্রস্তাব করেছে যুক্তরাজ্যের শাস্তিবিষয়ক কর্তৃপক্ষ সেনটেনসিং কাউন্সিল। অপরাধীরা দীর্ঘসময়ের জন্য একজনের যে মানসিক ক্ষতি করে, তা বোঝাতে সাজা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। নতুন প্রস্তাবে সেনটেনসিং কাউন্সিল দৃশ্যত সব ধরনের যৌন অপরাধের জন্য নতুন নীতিমালা করেছে। এতে বলা হয়েছে, বিচারকদের উচিত সংঘটিত অপরাধের জটিলতা ও ক্ষতিকর প্রভাব সঠিকভাবে বিবেচনা করা । কাউন্সিল জানায়, ৫৪টি যৌন অপরাধ নিয়ে আদালতের বিচারকাজকে আরও উন্নত করতে নতুন নীতিমালা করা হয়েছে। এতে অপরাধীরা ভুক্তভোগীদের সঙ্গে যেসব কৌশল ও প্রযুক্তির ব্যবহার করেছে, তা-ও আমলে নিতে বলা হয়েছে।ওই নীতিমালায় গোপনে যৌনদৃশ্য উপভোগ করা থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত সব ধরনের অপরাধের শাস্তির বিষয়ে নির্দেশনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিভিন্ন সময়ে ঝুলে থাকা যৌন অপরাধের অভিযোগেরও সুরাহা করা যাবে বলে ধারণা করা হচ্ছে।বিবিসির খবরে বলা হয়, বর্তমান আইনে বিচারের মূল বিষয় ছিল শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ওপর। কিন্তু নতুন নির্দেশনায় স্পষ্টভাবে বলা আছে, এ ধরনের শাস্তি অপরাধের শিকার মানুষের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাবের সুরাহা হয় না। নতুন নীতিমালায় তাই তথাকথিত একবার ধর্ষণ করেও ১৯ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে যে কাউকে। এর আগের নিয়ম অনুযায়ী, একবার এ ধরনের অপরাধ করলে কারাদণ্ড ভোগ করতে হতো না।নীতিমালায় বলা আছে, নির্দিষ্ট অপরাধের আগে ওই ব্যক্তির আচরণ কেমন ছিল, এটিও পর্যবেক্ষণ করবেন বিচারকেরা। যেমন—তারা মাদক সেবন বা অ্যালকোহল পান করেছিল কি না।শিশুদের ওপর যৌন অপরাধের ক্ষেত্রে মুখ্য বিষয় হবে অপরাধী তার ওপর কীভাবে নির্যাতন বা হামলা চালিয়েছে। তার বিশ্বাস ভঙ্গ করেছে কি না—এটিও দেখা হবে।কাউন্সিলের সদস্য লর্ড জাস্টিস ট্রেসি বলেন, ‘জটিল, সংবেদনশীল ও মারাত্মক অপরাধের (যৌন অপরাধ) বিচারে আদালতকে সাহায্য করতেই নীতিমালা উন্নত করা হয়েছে।’ তিনি বলেন, ‘কেউই চায় না ভুক্তভোগী হতে। তাই জনগণকে রক্ষা করা আমাদের প্রস্তাবের মুখ্য বিষয়। এতে কারাদণ্ডাদেশ দিয়ে বা কঠোর শাস্তির মাধ্যমে অপরাধীদের পুনরায় অপরাধ সংঘটন থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’ খসড়া নীতিমালাটি আজ প্রকাশ করা হয়েছে। ১৪ সপ্তাহ বিবেচনা শেষে এটি চূড়ান্ত করা হবে। বিবিসি।