যুক্তরাজ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে লেবার পার্টি থেকে সাবেক ৩ মন্ত্রী বহিষ্কৃত
যুক্তরাজ্যের তিন সাবেক মন্ত্রী ও একজন বর্তমান সাংসদকে গতকাল সোমবার সাময়িকভাবে বহিষ্কার করেছে লেবার পার্টি। অর্থের বিনিময়ে নিজেদের প্রভাব খাটিয়ে তাঁরা যেকোনো সরকারি নীতিগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন—গোপন ক্যামেরায় ধারণ করা তাঁদের এমন বক্তব্যের পর দল এ পদক্ষেপ নেয়। এর ফলে তাঁরা আগামী জুনে অনুষ্ঠেয় নির্বাচনেও অংশ নিতে পারবেন না।বহিষ্কৃতরা হলেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জিওফ হুন, স্টিফেন বায়ার্স, প্যাট্রিসিয়া হিউয়িট ও বর্তমান সাংসদ মার্গারেট মোরান।একটি সাজানো নাটকের মাধ্যমে তাঁদের ফাঁদে ফেলে চ্যানেল-৪ কর্তৃপক্ষ। ভুয়া একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানের হয়ে ওই চ্যানেলের সাংবাদিকেরা ওই চারজনের কাছে যান। এ সময় তাঁরা সাংবাদিকদের কাছে বলেন, তাঁরা সরকারের নীতিনির্ধারক পর্যায়ের যেকোনো সিদ্ধান্তকে চাইলেই প্রভাবিত করতে পারেন। তবে এ জন্য তাঁদের অর্থ দিতে হবে।বিষয়টি প্রকাশিত হলে লেবার পার্টি এই তাঁদর বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। লেবার পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবার পার্টি তার সদস্যদের কাছ থেকে সর্বোচ্চ নৈতিক মান প্রত্যাশা করে। একই সঙ্গে দলটি বিশ্বাস করে, তার সাংসদেরা সব সময় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখবেন।ধারণ করা চিত্রে সাবেক যোগাযোগমন্ত্রী বায়ার্স সাংবাদিকদের বলেছেন, তিনি মন্ত্রীদের সঙ্গে দেখা করিয়ে দেওয়া, সরকারের গোপনীয় তথ্য বলে দেওয়া এবং নীতিনির্ধারক পর্যায়ের সিদ্ধান্ত প্রভাবিত করার বিনিময়ে প্রতিদিন পাঁচ হাজার পাউন্ড নেন।প্রসঙ্গত, এর আগে সানডে পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বায়ার্সের বিরুদ্ধে লবিংয়ের অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি তখন এ অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তিনি সাংসদদের জন্য প্রণীত বিধিমালা মেনেই চলছেন এবং স্বার্থসংশ্লিষ্ট অন্য কিছুর সঙ্গে জড়িত নন।