যুক্তরাজ্যে চাকরি পেতে যাচ্ছেন মালালার বাবা
যুক্তরাজ্যে পাকিস্তানের হাইকমিশনে চাকরি পেতে যাচ্ছেন নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। মালালার পরিবারকে কয়েক বছর বিদেশে থাকার সুযোগ করে দিতেই পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।এনডিটিভির খবরে বলা হয়, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন মালালার বাবা জিয়াউদ্দিন। কিন্তু তাঁর এ উদ্যোগে পাকিস্তান বিব্রতকর অবস্থায় পড়তে পারে বলে মনে করে পাকিস্তান সরকার। তাই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক লন্ডনে পাকিস্তান হাইকমিশনে একটি চাকরি দেওয়ার কথা জিয়াউদ্দিনকে নিশ্চিত করেছেন। একই সঙ্গে তাঁকে (জিয়াউদ্দিন) যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন না করতে বলেছেন।বিভিন্ন সূত্র জানায়, মালালার বাবাকে চাকরি দিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে কথা বলেছেন মালিক। এতে প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন বলেও জানা গেছে।তালেবানদের গুলিতে আহত কিশোরী মালালা যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন। তাকে সঙ্গ দিতে ২৫ অক্টোবর থেকে দুই ছেলে ও স্ত্রীসহ লন্ডনে আছেন তাঁর বাবা। চিকিত্সাধীন মালালার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক মাস সময় লাগবে। এসব দিক বিবেচনা করে তার বাবাকে পাকিস্তানি হাইকমিশনে চাকরি দিতে চায় পাকিস্তান সরকার। এতে করে মালালার পরিবার আরও কয়েক বছর যুক্তরাজ্যে থাকতে পারবে।গত মাসে সোয়াত উপত্যকায় স্কুল থেকে ফেরার সময় তালেবান বন্দুকধারী গুলি করে মালালাকে। এতে মারাত্মকভাবে আহত হলে পাকিস্তানে মালালার অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয় ।