যুক্তরাজ্যে জোট সরকার যুগের সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম জোট সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির তরুণ নেতা ডেভিড ক্যামেরনের নেতৃত্বে। লিবারেল ডেমোক্র্যাটস-কনজারভেটিভ পার্টির গত মঙ্গলবারের সমঝোতা অনুযায়ী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ডেভিড ক্যামেরন আর উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ। গতকাল বুধবার তাঁরা নতুন সরকারের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের নাম প্রকাশ করেন। খবর এএফপি, বিবিসি, রয়টার্স ও গার্ডিয়ান অনলাইনের।ইউরোপের অনেক দেশেই জোট সরকার ক্ষমতায় রয়েছে। কিন্তু জোট সরকারের শাসনের ব্যাপারে ব্রিটেনবাসীর অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এবার তাদের আশা, কনজারভেটিভ পার্টির সঙ্গে লিবারেল ডেমোক্র্যাটদের জোট দেশকে একটি স্থিতিশীল সরকার উপহার দেবে।তবে পর্যবেক্ষকদের অনেকেই কয়েকদিন ধরে এবারের নির্বাচন-পরবর্তী যে কোনো জোট সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন।সরকার গঠনের চেষ্টায় হার মেনে লেবার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পদত্যাগের পরপর মঙ্গলবার ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী টোরি নেতা ক্যামেরনকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। এর আগে লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে জোট গঠনের ব্যাপারে দীর্ঘ আলোচনায় কনজারভেটিভদের সমঝোতা হয় এবং লেবার পার্টির আলোচনা ব্যর্থ হয়।গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের কালো রঙের দরজার সামনে দাঁড়িয়ে করমর্দনের মাধ্যমে নিক ক্লেগকে স্বাগত জানান হাস্যোজ্জ্বল ক্যামেরন। ক্যামেরন ও ক্লেগ গতকাল মন্ত্রিসভা গঠনের ব্যাপারে আলোচনা করেন। এদিন মন্ত্রিসভার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের নাম প্রকাশ করা হয়। জোট গঠনের শর্ত হিসেবে লিব ডেমের সদস্যরা মন্ত্রিসভায় চারটি পদ পেতে যাচ্ছেন।গতকাল মন্ত্রিসভার যে কজন সদস্যের নাম প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন, স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু ল্যান্সলি, জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস হানে, বিচারমন্ত্রী কেন ক্লার্ক, প্রাথমিক শিক্ষাবিষয়ক মন্ত্রী মাইকেল গোভ, স্কটল্যান্ডবিষয়ক মন্ত্রী ড্যানি আলেকজান্ডার, ব্যাংকিং বা বাণিজ্যমন্ত্রী ভিন্স কেবল, চিফ সেক্রেটারি টু ট্রেজারি ডেভিড লজ। এদের মধ্যে ড্যানি আলেকজান্ডার, ভিন্স কেবল ও ডেভিড লজ লিবারেল ডেমোক্র্যাটস দলের সদস্য।কনজারভেটিভ-লিব ডেম জোট সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ব্রিটেনে লেবার পার্টির ১৩ বছরের শাসনের অবসান হলো। সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ক্যামেরন এ ঘটনাকে ‘ব্রিটেনের জন্য একটি নতুন যুগের সূচনা’ হিসেবে অভিহিত করেছেন।তবে নতুন সরকারের শুরুটা খুব নিষ্কণ্টক হচ্ছে না। সরকারের সামনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে বিশাল বাজেট ঘাটতি সামাল দেওয়া।এ ব্যাপারে নতুন অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন বলেন, ‘বাজেট ঘাটতি কমাতে দ্রুত সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। ব্যাংকিং, শিক্ষা ও জনকল্যাণব্যবস্থার সংস্কারের ব্যাপারে আমরা দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে যাচ্ছি।’এদিকে নতুন সরকারের পররাষ্ট্রনীতির ব্যাপারে নতুন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘আফগানিস্তান যুদ্ধ নিয়ে জোটের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নবিষয়ক (ইইউ) নীতির ক্ষেত্রে কোনো দলই ইইউকে বেশি ক্ষমতা দিতে নারাজ।’ ইইউ-নীতি নিয়েও দুই দলের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে জানান তিনি।এ ছাড়া নতুন সরকারকে ব্রিটেনের অর্থনীতি, করব্যবস্থা, সরকারব্যবস্থা, পরিবেশ, অভিবাসন ও পরমাণু অস্ত্রবিষয়ক নীতির সংস্কার নিয়েও অনেক কাজ করতে হবে। ইইউর বাইরের দেশের নাগরিকদের ক্ষেত্রে অভিবাসনের সীমা বেঁধে দেওয়ার কনজারভেটিভ পার্টির প্রস্তাব সমর্থন করেছে লিব ডেমরা। আর সবচেয়ে আলোচিত নির্বাচনী ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে গণভোট আয়োজনের ব্যাপারে রাজি হয়েছে দুই দলই।গতকাল ক্যামেরন দলের সমর্থকদের বলেন, ‘সমঝোতার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে কনজারভেটিভ পার্টির নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো ঠিক রেখেই তা করা হবে।’ডেভিড ক্যামেরন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় বিশ্ব নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সবার আগে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২৬টি আসনের কোটা পূর্ণ করতে বামঘেঁষা লিব ডেমদের সঙ্গে জোট গড়তে হয়েছে মধ্য ডানপন্থী কনজারভেটিভদের।