যুক্তরাজ্যে নির্বাচন কাল, শেষ মুহূর্তে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি
যুক্তরাজ্যে কাল বৃহস্পতিবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হবে। শেষ মুহূর্তের প্রচারণায় এখন প্রার্থীরা। ক্ষমতাসীন লেবার পার্টি, প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটস পার্টির প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সর্বশেষ জরিপে কনজারভেটিভ পার্টি কিছুটা এগিয়ে রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় আসন পাবে না।লেবার পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, কনজারভেটিভ পার্টি সমাজের মধ্যবিত্তদের অবহেলা করছে। শুধু লেবার পার্টির পক্ষেই সব শ্রেণী-পেশার মানুষের অধিকারকে সমানভাবে গুরুত্ব দেওয়া সম্ভব। কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন গতকাল মঙ্গলবার টানা ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচারণা চালান। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘বৃহস্পতিবার আপনারা কনজারভেটিভ পার্টিকে ভোট দিলে পরদিন শুক্রবার থেকেই যুক্তরাজ্যে পরিবর্তন শুরু হবে।’ প্রচারণা চালাতে গিয়ে লিবারেল ডেমোক্র্যাটস পার্টির প্রার্থী নিক ক্লেগ বলেন, ‘গর্ডন ব্রাউন বা ডেভিড ক্যামেরন আমার প্রতিদ্বন্দ্বী নন।’ তিনি সুবিবেচনার মাধ্যমে ভোটারদের সিদ্ধান্ত নিতে আহ্বান জানান। এদিকে নির্বাচন সামনে রেখে দলগুলো চূড়ান্ত ইশতেহার ঘোষণা করেছে। লেবার পার্টি তাদের ইশতেহারে আড়াই লাখ পাউন্ডের কমে কেনা বাড়ি করমুক্ত করার ঘোষণা দিয়েছে। এ ছাড়া জাতীয় স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধি ও ২০১৫ সাল নাগাদ চার লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে। কনজারভেটিভ পার্টি ইশতেহারে বলেছে, বার্ষিক ৫০ হাজার পাউন্ডের নিচে আয় করেন এমন চাকরিজীবীদের কর মওকুফ করা হবে। স্বাস্থ্য খাতে সুবিধা বাড়ানো হবে। অভিবাসনের ক্ষেত্রে প্রত্যেক দেশের জন্য নির্দিষ্ট কোটা পদ্ধতি চালু করা হবে। ইশতেহারে ক্ষমতায় যেতে পারলে পারমাণবিক শক্তি বাড়ানোর ব্যয় হ্রাসের ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটরা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে স্থাপন ও অভিবাসনের ব্যাপারে পয়েন্ট পদ্ধতির প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। পূর্ব লন্ডনভিত্তিক রেসপেক্ট পার্টির নেতা জর্জ গ্যালাওয়ে স্থানীয় জনগণের প্রধান সমস্যা গৃহায়ণের ওপর বেশি নজর দেবেন বলে ইশতেহারে উল্লেখ করেছেন।বিভিন্ন সংস্থার সর্বশেষ জরিপে কনজারভেটিভ পার্টি শতকরা ৩৩ ভাগ সমর্থন পেয়ে এগিয়ে রয়েছে। এর পরই আছে ক্ষমতাসীন দল লেবার পার্টি। তাদের পক্ষে রয়েছে ২৮ শতাংশ সমর্থন। আর লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষে সমর্থন ২৭ শতাংশ। ১৯৯৭ সাল থেকে ক্ষমতায় আছে লেবার পার্টি। নির্বাচনে যে-ই জিতুক, এবার যুক্তরাজ্যে পার্লামেন্টে সবচেয়ে বড় চমক হবে একজন বাঙালি এমপির অভিষেক। বাঙালি-অধ্যুষিত বেথনালগ্রিন ও বো নির্বাচনী এলাকায় সব বড় দলই এবার বাঙালি প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এখানে লেবার পার্টির প্রার্থী রুশনারা আলী। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্ম নেন। এই আসনে শক্ত অবস্থান জর্জ গ্যালাওয়ের দল রেসপেক্ট পার্টির। তাঁর দল থেকে মনোনয়ন পেয়েছেন আবজল মিয়া। তাঁর জন্ম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘিরঘাট এলাকায়। লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুনামগঞ্জের ছাতক উপজেলায় জন্ম নেওয়া আজমল মাশরুর। আর কনজারভেটিভ পার্টির মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে জন্ম নেওয়া জাকির খান। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, শেষ পর্যন্ত জনমত জরিপ আর সাধারণ ভোটারদের মতের প্রতিফলন এক নাও হতে পারে। তবে নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি যে বেকায়দায় রয়েছে তা স্পষ্ট। ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে—এমন আশঙ্কাও অনেকের।