যুক্তরাজ্যে পাঁচ বছরে গেছে ৮০টি চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক একটি আন্তর্জাতিক চক্র হেরোইন পাচারের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছে। তারা পাকিস্তান থেকে আনা হেরোইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাজ্যে পাচার করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে। ডিবির জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, গত পাঁচ বছরে চক্রটি ৮০টির মতো চালান লন্ডনে পাচার করেছে।এ ঘটনা নিয়ে গতকাল সোমবার ডিবির কর্মকর্তারা ব্রিফিং করেন। তাঁরা বলেন, মিরপুরের একটি হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার করতে গিয়ে তাঁরা এই চক্রের সন্ধান পান। গত ২৯ আগস্ট জিয়া হত্যার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ জানতে পারে যে সাভারের অ্যারোমেক্স কুরিয়ারের গাড়িচালক মহসিনের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন কিনেছিলেন ওই মামলার আসামি ইমরান হোসেন। এই সূত্র ধরে সাভারে ওই কুরিয়ারের কার্যালয়ে অভিযান চালিয়ে সাদেকুল আলম, মোহাম্মদ সোহাগ, শ্রীবাস পোদ্দার ও মহসিন সরদারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, গত ১৭ জুলাই শামসুল আরেফিন নামে এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসে এসে এক জোড়া জুতা ও একটি লুঙ্গি বার্মিংহামে পাঠানোর জন্য রেখে যান। পরে সেটা পরীক্ষা করে দেখা যায়, জুতার সোলের ভেতরে সুকৌশলে হেরোইন রাখা হয়েছে। এ তথ্য পেয়ে ডিবি পরে মোহাম্মদপুর থেকে ওই শামসুলকে গ্রেপ্তার করে।জিজ্ঞাসাবাদে শামসুল জানান, তিনি যুক্তরাজ্য প্রবাসী তাঁর খালাতো ভাই শাহ আলমের মাধ্যমে ২০০৮ সাল থেকে হেরোইন পাচারে জড়িয়েছেন। শাহ আলমের বন্ধু মোহাম্মদ আলীর (পাকিস্তানের নাগরিক) মাধ্যমে পাকিস্তান থেকে এসব হেরোইন তাঁর কাছে আসত। তিনি তা পরে ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাজ্যের বার্মিংহামে শাহ আলমের ঠিকানায় পাঠিয়ে দিতেন। ডিবির সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে শাহ আলমের এজেন্ট রয়েছে। শাহ আলম লন্ডনে বসেই পাকিস্তান ও আফগানিস্তান থেকে হেরোইন কেনাবেচা করছেন। সেই হেরোইন পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে, এরপর লন্ডনে চলে যাচ্ছে। হেরোইন পাচারের জন্য বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করা হচ্ছে।