যুক্তরাজ্যে পাচার হয়ে আসা মানুষ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে পাচার হয়ে আসা মানুষের সংখ্যা বাড়ছে। দেশটির মানব পাচারবিষয়ক একটি আন্তমন্ত্রণালয় দলের তথ্যমতে, গত বছর ৯৪৬ জন যুক্তরাজ্যে পাচার হয়ে এসেছে। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৭১০। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দলটি জানায়, চীন, ভিয়েতনাম, নাইজেরিয়া ও ইউরোপের পূর্বাঞ্চল থেকে পাচার হয়ে আসা অভিবাসীর সংখ্যা বেশি। তবে যুক্তরাজ্যে প্রতিবছর কতজন অবৈধ অভিবাসী আসে, সে হিসাব সরকারের কাছে নেই। মন্ত্রণালয়ের ওই দলের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর ন্যাশনাল রেফারাল মেকানিজম (যুক্তরাজ্যে পাচার হয়ে আসা অভিবাসীদের শনাক্ত ও তাদের সহায়তায় কাজ করে) এক হাজার অবৈধ অভিবাসীর হিসাব পেয়েছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ৭১২ জন ও শিশু ২৩৪ জন। ২০১০ সালে পাচার হয়ে আসা ব্যক্তিদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৫২৪ জন, শিশু ১৮৬ জন।প্রতিবেদনে বলা হয়, পাচার হয়ে আসা শিশুদের রাস্তায় ভিক্ষা করানোসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতে বাধ্য করা হচ্ছে। দিন দিন বাড়ছে এসব ঘটনা। দ্য চাইল্ড এক্সপ্লয়টেশন অ্যান্ড অনলাইন প্রোটেকশন সেন্টারের তথ্যমতে, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ৩০০ শিশু পাচার হয়ে আসে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পরিদর্শক কেভিন হাইল্যান্ড জানান, সাধারণত, লরি বা কনটেইনারে করে পাচার হয়ে আসে। তবে বেশির ভাগই পাচারকারীদের সঙ্গী হিসেবে আইনসম্মতভাবে যুক্তরাজ্যে প্রবেশ করে। পাচার হয়ে আসা ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই উন্নত জীবনের আশায় নিজ দেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমায়। হাইল্যান্ড বলেন, সীমান্তপ্রহরীদের জন্য এ ধরনের অভিবাসীদের শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কেননা, পাচার হয়ে আসা লোকজন নিজেরাই জানে না যে তারা পাচার হচ্ছে। এসব মানুষকে শিল্পকারখানায় ভালো চাকরি বা দোভাষীর কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। পরে তাদের জোর করে অন্য কাজে লাগানো হয়।যুক্তরাজ্যে মানব পাচারের সঙ্গে ৯২টি অপরাধ সংগঠন জড়িত বলে দলটি জানায়। অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক হারপার বলেন, সারা বিশ্বে মানব পাচার একটি ‘বড় সমস্যা’ হয়ে দাঁড়িয়েছে। পাচার হওয়া অভিবাসীদের মধ্যে প্রায় দুই কোটি ১০ লাখ মানুষকে যৌন হয়রানি করা হয় বা মজুরগিরি করতে বাধ্য করা হয়।