সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার হওয়া ব্রিটিশ এয়ারওয়েজের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশি যুবক রাজীব করিমকে (৩১) ওই দেশের একটি আদালত ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের উলউইচ ক্রাউন কোর্ট এ রায় ঘোষণা করেন বলে বিবিসিসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।চার সপ্তাহব্যাপী শুনানি শেষে গত ২৮ ফেব্রুয়ারি ব্রিটিশ আদালত সন্ত্রাসমূলক চারটি অপরাধে যুক্ত থাকার দায়ে রাজীব করিমকে দোষী সাব্যস্ত করেন। এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ, রাজীব ২০০৯ সালে যুক্তরাষ্ট্রগামী বিমান উড়িয়ে দেওয়ার প্রস্তুতিমূলক ষড়যন্ত্রে জড়িত ছিলেন। (সূত্র: সিএনএন ও গার্ডিয়ান অনলাইন)প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, রাজীব করিমের বাবা একজন মুক্তিযোদ্ধা। সিলেটে বাড়ি হলেও পরিবারটি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে। ধনাঢ্য এই পরিবারের দুই ছেলে রাজীব ও তেহজীব ছাত্র অবস্থায়ই জঙ্গিবাদে জড়িয়ে পড়েন। তেহজীব ইয়েমেনে আল-কায়েদাবিরোধী এক অভিযানে গত বছর ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। রাজীব করিম এর আগে শুনানির সময় উলউইচ ক্রাউন কোর্টে বলেছেন, তিনি এবং তাঁর ছোট ভাই তেহজীব করিম বাংলাদেশের জেএমবির সঙ্গে সম্পৃক্ত। তাঁরা দুই ভাই ‘অনলাইন ফোরামে’ ঢুকে জিহাদে উদ্বুদ্ধ হন। (সূত্র: বিবিসি অনলাইন, ১৫ ফেব্রুয়ারি ২০১১)।রায়ে যুক্তরাজ্যের আদালত বলেছেন, নিউক্যাসেলে বসবাসকারী রাজীব করিমের সঙ্গে আল-কায়েদার আরব উপদ্বীপের নেতা আনোয়ার আল-আওলাকির যোগাযোগ ছিল। ব্রিটিশ এয়ারওয়েজের চাকরিকে ব্যবহার করে তিনি স্পর্শকাতর তথ্য বের করে সেগুলো আওলাকির কাছে পাচার করতেন। আদালত বলেন, রাজীব করিম ‘উগ্র জিহাদি তৎপরতায়’ নিবেদিতপ্রাণ ছিলেন এবং নিজে ‘শহীদ’ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।জানা গেছে, রাজীব করিম ২০০৬ সালে তাঁর স্ত্রী জিজারিন রাজার সঙ্গে যুক্তরাজ্যে যান তাঁদের শিশুসন্তানের চিকিৎসার জন্য। জিজারিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বাচ্চা সুস্থ হওয়ার পর ২০০৭ সালের সেপ্টেম্বরে রাজীব নিউক্যাসেলে ব্রিটিশ এয়ারওয়েজের ট্রেইনি স্কিমে চাকরি নেন। তিনি গত বছর ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন। প্রায় এক বছর তদন্ত শেষে ব্রিটিশ আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে উত্থাপিত তথ্যে বলা হয়, রাজীব নিজেকে যুক্তরাজ্যে আল-কায়েদার একজন স্লিপার এজেন্ট (গুপ্ত প্রতিনিধি) হিসেবে প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ আদালতে সরকারি কৌঁসুলির তথ্য অনুযায়ী, ব্রিটিশ পুলিশ রাজীবের কম্পিউটার জব্দ করে। তাতে তাঁর সঙ্গে তাঁর ভাই তাহজীবের যোগাযোগের প্রমাণ পায়। সেসব পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে জেএমবির সঙ্গে যুক্ত তেহজীব অপর দুই বাংলাদেশিসহ ২০০৯ সালে ইয়েমেন যান এবং আল-কায়েদার নেতা আনোয়ার আল-আওলাকির সঙ্গে সাক্ষাৎ করেন।এই দুই ভাইয়ের জঙ্গি সম্পৃক্ততাসহ আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকির বাংলাদেশে যোগাযোগের ওপর প্রথম আলোতে ১ ও ২ মার্চ অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে।