শতাধিক কলেজের লাইসেন্স স্থগিত
যুক্তরাজ্যে বাংলাদেশিসহ চার ভুয়া কলেজ ব্যবসায়ীর ২৫ বছরের জেল
যুক্তরাজ্যের ক্রয়ডন ক্রাউন কোর্ট ভুয়া কলেজ ও অসাধু ইমিগ্রেশন ব্যবসা পরিচালনার অভিযোগে দুই বাংলাদেশিসহ চারজন কলেজ মালিককে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।প্রায় ১৮ মাস আগে ইউকে বর্ডার এজেন্সির পুলিশ খালেদ মাহমুদ ও তারেক মাহমুদ নামের দুজন বাংলাদেশি নাগরিক এবং দুই চীনা নাগরিক জুনজি কাও ও উই জিংয়ের বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে পঁচিশ লাখ পাউন্ডসহ তাঁদের গ্রেপ্তার করে। ১৫ জানুয়ারি আদালত অপরাধীদের কারাদণ্ডের এই রায় দেন।তাঁদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তাঁরা ভুয়া কলেজ প্রতিষ্ঠা করে অবৈধ কাগজপত্রের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের যুক্তরাজ্যের ভিসা পেতেই সহায়তা করছেন। ইউকে বর্ডার এজেন্সি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাজার মেয়াদ শেষ হলে তাঁদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউকে বর্ডার এজেন্সি জানিয়েছে, পরিচালনায় অনিয়মের অভিযোগে শতাধিক কলেজের লাইসেন্স স্থগিত করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে লন্ডনের গিল্ড হল কলেজ, কমনওয়েলথ ল কলেজ, লন্ডন ইস্ট ব্যাংক কলেজ, লন্ডন কলেজ অব ল অ্যান্ড ম্যানেজমেন্ট, হলবর্ণ কলেজ, লন্ডন স্যাম কলেজ, অ্যালবিওন কলেজ, লন্ডন অ্যাম্বাসেডর কলেজ, আইকন কলেজসহ অন্য বাঙালি মালিকানাধীন কলেজগুলোতে ভর্তি হওয়া অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী হতবিহ্বল হয়ে পড়েছেন।কলেজের মালিকেরা বলছেন, এ অচলাবস্থা সাময়িক, স্থগিতাদেশ প্রত্যাহারের ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ করতে হবে সর্বোচ্চ চার সপ্তাহ।এদিকে লাইসেন্স স্থগিত করা হয়েছে—এমন কলেজের অফার লেটার নিয়ে যাঁরা যুক্তরাজ্যে প্রবেশ করছেন, তাঁদের হিথ্রো বিমানবন্দর থেকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে খবর মিলেছে। লন্ডন ট্রিনিটি কলেজের পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে আয়ারল্যান্ডের বেলফাস্ট যাওয়ার পথে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। কোনো প্রকার আপিলের সুযোগ না দিয়েই তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।অভিবাসন-বিশেষজ্ঞ আইনজীবী মনোয়ার হোসেন জানিয়েছেন, এ অবস্থায় যেসব শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা পেয়েছেন অথবা আবেদন করবেন, তাঁদের অবশ্যই দেখতে হবে ইউকে বর্ডার এজেন্সির ওয়েবসাইটে সংশ্লিষ্ট কলেজটির নাম নিবন্ধিত রয়েছে কি না।