যুক্তরাজ্যে বিক্ষোভে হাজার হাজার পুলিশ
যুক্তরাজ্যে সরকারের ব্যয় সংকোচনের বিরুদ্ধে সরকারি চাকরিজীবীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার পুলিশ কর্মকর্তা। এসব পুলিশ কর্মকর্তার শিগগিরই অবসরে যাওয়ার কথা। গতকাল বৃহস্পতিবারের ওই বিক্ষোভে সরকারের অভিবাসন, স্বাস্থ্য ও কারা কর্মকর্তারাও অংশ নেন। রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানা যায়।শ্রমিক সংগঠনগুলো আভাস দিয়েছিল, প্রায় চার লাখ লোক এই বিক্ষোভে অংশ নিতে পারে। কিন্তু বাস্তবে গত নভেম্বরের চেয়ে কম সংখ্যক লোক বিক্ষোভ করে। গত কয়েক বছরের মধ্যে যুক্তরাজ্যে নভেম্বরের ধর্মঘট ছিল সবচেয়ে বড় আন্দোলন কর্মসূচি। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, প্রায় দেড় লাখ লোকের এ বিক্ষোভ ছিল ‘নিষ্ফল’। মন্ত্রিপরিষদ-বিষয়ক মন্ত্রী ফ্রান্সিস মড বলেন, এতে সরকারে কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। তবে প্রায় ৩০ হাজার পুলিশ কর্মকর্তার বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মধ্য ডানপন্থী রক্ষণশীল সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবে বলে অনেকের ধারণা। আইনশৃঙ্খলা রক্ষাকারী দল হিসেবে গর্ব করে থাকে।বাজেটে কাটছাঁট এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বরখাস্ত, বেতন কমানো এবং পেনশনে যাওয়ার বয়স বাড়িয়ে দেওয়ার বিষয়ে সরকারি কমিশনের প্রতিবেদনের সুপারিশ করা হয়। এসব কারণে সরকারি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।গত বুধবার সরকারি চাকরিজীবীদের অবসরকালীন বয়স বাড়ানোর প্রস্তাবের ওপর সরকারের জোর দেওয়ার কথা ঘোষণার ফল এ নিয়ে নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়। গত বছর এই বিষয়টিকে কেন্দ্র করেই যুক্তরাজ্যে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল।