যুক্তরাজ্যে বৃষ্টি-বন্যায় জনজীবন বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দমকা হাওয়া, বৃষ্টি ও বন্যায় যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মাসব্যাপী থাকতে পারে। কোনো কোনো এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা বৃষ্টি হতে পারে। ইয়র্কশায়ারের বাসিন্দাদের রোববার রাতভর বন্যাপরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে।দমকলকর্মীরা বায়ুভর্তি ভেলায় করে মারসেসাইড এলাকা থেকে ১০ জনকে উদ্ধার করেছেন। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একটি পরিবেশ সংস্থার মুখপাত্র গতকাল বলেন, যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বন্যা বেশি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর ইয়র্কশায়ারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে চেশায়ার, কামরিয়া, নর্থ ওয়েলস, ম্যানচেস্টার ও নরথাম্বারল্যান্ডেও বন্যার প্রভাব পড়তে পারে। চেশায়ারের কর্তৃপক্ষ জানায়, সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রেট সাটন, এলেসমেরে বন্দরসহ বিভিন্ন স্থাপনা রক্ষায় জরুরি পদক্ষেপ হিসেবে বালির বস্তা দিয়ে বাঁধের সৃষ্টি করা হয়েছে। চেশায়ার ওয়েস্ট অ্যান্ড চেস্টার কাউন্সিলের লিন রিলে বলেন, ‘বন্যাকবলিত ২০টি পরিবারসহ বিভিন্ন জায়গা থেকে আমাদের হাইওয়ে সার্ভিস দেড় শর বেশি ফোন পেয়েছে। আরও ৫২ জন ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের সহায়তার জন্য জরুরি বিভাগগুলো প্রস্তুত রয়েছে।’মেরসেসাইড ফায়ার সার্ভিসের স্টিভ প্রাট বলেন, বন্যাদুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল রাতে ও আজ প্রবল বৃষ্টিতে ওয়েস্ট কান্ট্রির ৪২টি, মিডল্যান্ডের ৩৫টি এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ২০টিসহ ১০০টি স্থাপনা ডুবে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওয়েস্ট কান্ট্রি এবং ওয়ালসে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি শর্পশায়ার গ্রামটি বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বন্যায় রেল যোগাযোগব্যবস্থাও ভেঙে পড়েছে। ডেভন ও কর্নওয়াল এবং ওয়েস্ট কোস্ট মেইন লেনের মধ্যে দেরিতে ট্রেন আসা-যাওয়া করছে। আবার অনেক ক্ষেত্রে তা স্থগিত করে দেওয়া হয়েছে।ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন এলাকায় বন্যাবিষয়ক সতর্কতা জারি করা হয়েছে। স্কটল্যান্ডের নয়টি এলাকায় জারি করা হয়েছে বন্যাবিষয়ক সতকর্তা। আয়ারল্যান্ডের উত্তরাংশে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টায় ইংল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলে এবং ওয়ালসের পূর্ব ও উত্তর অংশে ১০০ মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।