যুক্তরাজ্যে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনা, তিনজন দোষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে যুক্তরাজ্যের বোমা হামলা পরিকল্পনায় জড়িত থাকার দায়ে তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁরা হলেন ইরফান নাসের (৩১), ইরফান খালিদ (২৭) এবং আশিক আলী (২৭)। যুক্তরাজ্যের বার্মিংহ্যামভিত্তিক সন্ত্রাসী চক্রের মূল হোতা ছিলেন এই তিনজন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ওই তিনজন যে বোমা হামলার পরিকল্পনা করেছিল তা ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের বোমা হামলার চেয়েও বেশি মারাত্মক ও প্রাণঘাতী হতে পারত। লন্ডনের ওলউইচ ক্রাউন কোর্টের মামলা পরিচালনাকারী কৌঁসুলিদের মতে, ওই তিনজন আট থেকে ১০টি আত্মঘাতী বোমা হামলা চালাতে চেয়েছিল। ওই বোমাগুলো নির্দিষ্ট সময়ে বিস্ফোরিত করার পরিকল্পনা ছিল তাদের। মামলার কৌঁসুলিরা জানান, হামলার পরিকল্পনাকারীরা আরব উপসাগরীয় আল-কায়েদার (একেএপি) সাময়িকী ‘ইন্সপায়ার (অনুপ্রেরণা)’ পড়ে অনেকের মতো চরমপন্থী কার্যক্রমে যুক্ত হয়েছিল। তাঁরা প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন জনের কাছ থেকে হাজার হাজার পাউন্ড সংগ্রহ করেন। এ ক্ষেত্রে তাঁরা বার্মিংহ্যামের স্পার্কহিলের দাতব্য সংস্থা মুসলিম এইডের হয়ে অর্থ তুলে তা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছিল । দুই সপ্তাহের মধ্যেই তাঁরা ১৪ হাজার ৫০০ পাউন্ড অর্থ আদায় করতে পেরেছিল। বিচারপতি হেনরিকস বলেন, তিনজন মিলে নতুন করে ৭/৭ (২০০৫ সালের লন্ডন হামলা) কিংবা ৯/১১ (২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বানিজ্য কেন্দ্রে হামলা)-এর মতো ক্ষেত্র তৈরি করতে চেয়েছিল। তিনি বলেন, আগামী এপ্রিল বা মে মাসে তাদের সাজার ব্যাপারে রায় হবে। তারা প্রত্যেকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন বলে জানান তিনি।