যুক্তরাজ্যে ভুয়া মানসিক পরীক্ষার ফাঁদে চাকরিপ্রত্যাশীরা
অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাজ্যে বেড়েছে বেকারত্ব। জীবিকার সন্ধানে সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিয়তই ভিড় জমাচ্ছেন চাকরিপ্রত্যাশীরা। কিন্তু এ চাকরি পেতে তাঁদের মুখোমুখি হতে হচ্ছে অদ্ভুত মানসিক পরীক্ষার। কার্যত কোনো অর্থ বহন না করলেও এ ধরনের পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের যোগ্যতা যাচাই করা হচ্ছে। এমনকি এ ধরনের অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকরি ক্ষেত্রে নানা সুবিধা থেকে বঞ্চিত করা হবে বলেও হুমকি দিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন ঝামেলাটি পাকিয়েছে যুক্তরাজ্যের কর্ম ও পেনশন-ভাতা বিভাগ (ডিডব্লিউপি)। সংস্থাটি এ পরীক্ষার নাম দিয়েছে ‘মাই স্ট্রেনথস’। স্থানীয় ব্লগারদের মতে, চাকরিপ্রত্যাশীদের অনলাইনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বলা হয়। কিন্তু তাঁদের দেওয়া উত্তরের সঙ্গে ফলাফলের মিল থাকে না। তাই ব্লগাররা এ ধরনের পরীক্ষার নিন্দা জানিয়েছেন।ডিডব্লিউপি টেস্টের ৪৮ বিবৃতির কয়েকটি ছিল, ‘আমি কখনো জাদুঘর দেখতে যাইনি’, কিংবা ‘আমি গত বছর সুন্দর কিছু তৈরি করিনি।’ চাকরিপ্রত্যাশীদের বলা হয়, এ ধরনের বিবৃতি তাঁরা পছন্দ কিংবা অপছন্দ করেন কি না, তা জানাতে। তাঁদের কাছ থেকে জানতে চাওয়া হয়, উল্লিখিত বাক্যগুলো তাঁদের সঙ্গে ‘খুবই যায়’ কিংবা ‘একদমই যায় না’ ধরনের কি না। এভাবে চাকরিপ্রত্যাশীরা অনলাইনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পর পাঁচটি ইতিবাচক ‘শক্তিমত্তা’র আলোকে তাঁদের যোগ্যতা যাচাই করা হয়। ওই শক্তিমত্তার মধ্যে আছে ‘শেখার প্রতি আগ্রহ’, ‘আগ্রহ’ ও ‘শুদ্ধতা’।‘দ্য গার্ডিয়ান’ জানায়, অনলাইনে মানসিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে একই ধরনের উত্তর বারবার দেওয়ার পর যে ফলাফল আসে, তার সঙ্গে ঠিক বিপরীত উত্তরদাতাদের ফলাফল মিলে যাচ্ছে। ফলে এ ধরনের ভুয়া পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক নন অনেক চাকরিপ্রত্যাশীই। ম্যাগি (ছদ্মনাম) নামের পঁচিশোর্ধ্ব এক মা তাঁদের একজন। তিনি অনলাইনে পরীক্ষায় অংশ নেননি বলে ডিডব্লিউপি থেকে তাঁকে সতর্ক করে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে তাঁকে বলা হয়, প্রশ্নপত্রগুলো পূরণ না করলে চাকরিপ্রত্যাশী হিসেবে সাপ্তাহিক ৭১ পাউন্ডের ভাতা তিনি পাবেন না।ওই চিঠিতে বলা হয়, পরীক্ষার মধ্য দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে লোকজনের শক্তিমত্তা পরীক্ষা করা হয়। তাই ম্যাগিকে বলা হয়, চাকরি খোঁজার পাশাপাশি তাঁকে তিন দিনের মধ্যে অনলাইনে প্রশ্নপত্র পূরণ করতে হবে। ওই নির্দেশনা অমান্য করলে ম্যাগি সুবিধাবঞ্চিত হবেন বলেও জানানো হয়। তবে ওই চিঠি সম্বন্ধে দুই সন্তানের মা ম্যাগি বলেন, পরীক্ষাটি ভুয়া জেনে তিনি খুবই হতাশ হয়েছেন। তিনি বলেন, ‘এটি কেবল সময় নষ্ট করবে... আমি সত্যি হতাশ হয়েছি। আমি মনে করি আপনারা জোর করে আমাকে এটি করতে বলছেন এবং না করলে আমি সুবিধাবঞ্চিত হব বলেছেন। কিন্তু আমার এটি করার দরকার নেই।’