যুক্তরাজ্যে শিশু পুড়িয়ে মারার দায়ে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের পেরিবার এলাকায় ছয় বছরের শিশুকে পুড়িয়ে মারার দায়ে বাংলাদেশি যুবক জাভেদ আলীর ১১ বছরের কারাদণ্ড হয়েছে। গত মঙ্গলবার বার্মিংহামের ক্রাউন কোর্ট এ আদেশ দেন। তবে অভিযুক্ত জাভেদ আলী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে অস্বীকার করেন। জানা গেছে, ছয় বছরের শিশু আলিসার বড় ভাইয়ের সঙ্গে জাভেদ আলীর বোনের প্রেম ছিল। জাভেদ বিষয়টিকে মেনে নিতে পারেনি। এর জের ধরে ২০০৬ সালের ৯ মার্চ আলিসাদের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেন জাভেদসহ কয়েকজন। তখন বাড়িতে থাকা সবাই জানালা দিয়ে লাফিয়ে নিচে নামলেও আলিসা নামতে পারেনি। ওই বাড়িতেই সে আগুনে পুড়ে মারা যায়। পুলিশ জানায়, এ ঘটনার পর পরই হত্যাকারীরা বাংলাদেশে পালিয়ে যায়। সম্প্রতি জাভেদ আলী বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মুখোমুখি করে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই আসামি আহম্মদ আলী ও ডেরেল তুজ্জিওকে অব্যাহতি দেওয়া হয়েছে।