যুক্তরাজ্যে ১৬ অবৈধ বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বসবাসের অভিযোগে বাংলাদেশের ১৬ জন শ্রমিককে আটক করেছে যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা। আটক বাংলাদেশিদের খুব শিগগির যুক্তরাজ্য থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ভিসা-প্রক্রিয়া লঙ্ঘন করে অবৈধভাবে শ্রমিক নিয়োগের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রেস্তোরাঁর মালিককে আটক করা হয়।ঢাকায় ব্রিটিশ হাইকমিশন আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত পাঁচ সপ্তাহে বাংলাদেশের ১৬ জন শ্রমিক ও রেস্তোরাঁর মালিককে গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে। হাইকমিশন জানিয়েছে, ওল্ডহাম, এসেক্স, ড্যাভন ও নরফোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযানের সময় বাংলাদেশের ১৬ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। আটক বাংলাদেশি শ্রমিকেরা ওই এলাকাগুলোর বিভিন্ন রেস্তোরাঁ ও একটি মাংসের দোকানে অবৈধভাবে কাজ করছিলেন। নিয়োগের যথাযথ শর্ত মেনে শ্রমিকদের কাজে নিয়োগ দেওয়া হয়েছিল—এর প্রমাণ দেখাতে ব্যর্থ হলে অবৈধ প্রত্যেক শ্রমিকের জন্য তাঁদের নিয়োগদাতাকে ১০ হাজার পাউন্ড করে জরিমানা গুনতে হবে। এদিকে, ৮ ডিসেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁর মালিক খন্দকার মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে ২৩ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের কার্লাইল ক্রাউন আদালত। অবৈধভাবে শ্রমিকদের নিয়োগ দেওয়ার অপরাধ স্বীকার করার পর তাঁকে এ শাস্তি দেওয়া হয়। এর আগে কেমব্রিয়ার ক্লিয়েটর মুর এলাকায় তাঁর মালিকানাধীন অনামিকা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অবৈধ শ্রমিকদের খোঁজ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওয়াহিদুজ্জামান প্রসঙ্গে ইউকে বর্ডার এজেন্সির একজন মুখপাত্র বলেন, ‘লাভের আশায় অবৈধভাবে শ্রমিক নিয়োগের মাধ্যমে তিনি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। তিনি অবৈধ কর্মীদের খুব অল্প কিংবা বিনা বেতনে কাজে নিয়োগ করতেন। শুধু তা-ই নয়, এসব কর্মীর বসবাসের ব্যবস্থাও ছিল অত্যন্ত অমানবিক।’ তিনি বলেন, এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তাই বহির্গমন কর্মকর্তাদের সহযোগিতায় পুলিশ সমস্যার সুরাহা নিশ্চিত করতে যৌথ পদক্ষেপ নিয়েছে। ওই মুখপাত্র বলেন, অবৈধ কর্মীদের নিয়োগের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন ওয়াহিদুজ্জামান। অথচ অন্য নিয়োগকর্তারা আইনসম্মতভাবে তাঁদের কর্মীদের জন্য কর ও বিমার টাকা দিতেন না।