যুক্তরাজ্যের ওয়েবসাইট বন্ধ দিয়েছে ইরান
যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য একথা জানিয়েছে। এর আগে গত মাসে বিক্ষোভকারীদের হামলার মুখে তেহরানে দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাজ্য। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান সংকটের মধ্যে নতুন করে এ সিদ্ধান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানায়, ইরান কর্তৃপক্ষ ব্রিটেনের ওয়েবসাইটে প্রবেশাধিকারে বাধা সৃষ্টি করেছে। ওই ওয়েবসাইটে ব্রিটিশ সরকারের রাজনীতি, বিবৃতি এমনকি ইরানের মানবাধিকার বিষয়ে সমালোচনাও রয়েছে।দপ্তরটি আরও জানায়, ওয়েবসাইটটি এখন হাজারো ইন্টারনেট ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।তবে এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, তাদের এ পদক্ষেপ আইন বহির্ভূত। এর মধ্য দিয়ে প্রমাণ হয় দেশের জনগণকে তথ্য পাওয়া থেকে বঞ্চিত করতে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। দেশবাসীর কাছ থেকে ইরানের রাজনীতি ও আচরণ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আড়াল করতেই তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে এর ফলে যুক্তরাজ্যের ওয়েবসাইট থেকে ইরানের জনগণের তথ্য পাওয়া কঠিন হয়ে উঠলো। তবে এর মাধ্যমে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যুক্তরাজ্যকে দূরে ঠেলে দেওয়া যাবে না বলে উল্লেখ করেন হেগ।