যুক্তরাজ্যের জোট সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার তাঁর প্রথম ক্যাবিনেট বৈঠকে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন ডেভিড ক্যামেরন। এর আগে তিনি তাঁর ঐতিহাসিক জোট সরকার গঠনের শেষ পর্যায়ের কাজগুলোও গুছিয়ে নিচ্ছেন। টোরিদের এই নেতা আজ সরকারের বেশ কিছু জুনিয়র পদে নিয়োগ দেবেন। এসব পদে আরও কিছু লিবারেল ডেমোক্র্যাটস নিয়োগ পাবেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।ক্যামেরন সরকার পরিচালনার কাজ শুরু করেন সোমবার সন্ধ্যায় নবগঠিত জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে তাঁর প্রথম বৈঠকের মাধ্যমে। এর আগে তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে লিবারেল ডেমোক্র্যাট নেতা ও ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। তাঁদের ক্ষমতা ভাগাভাগির সমঝোতার মাধ্যমে তাঁরা কী অর্জন করতে চান তার বিবরণ দেওয়ার সময় এই দুই নেতা নিজেদের মধ্যে নানা রসিকতা করেন।আজ স্থানীয় সময় সকাল নয়টায় যখন ক্যাবিনেট বৈঠক শুরু হবে তখন নিক ক্লেগ ছাড়া আরও চারজন লিবারেল ডেমোক্র্যাটস ক্যাবিনেট টেবিলের চারপাশে উপস্থিত থাকবেন। তাঁরা হলেন, বাণিজ্যমন্ত্রী ভিন্স ক্যাবল, ট্রেজারির প্রধান সচিব ডেভিড লজ, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ক্রিস হুহনে এবং স্কটল্যান্ডবিষয়ক মন্ত্রী ড্যানি আলেকজান্ডার। সরকারের বিভিন্ন বিভাগে ২০ জন লিবারেল ডেমোক্র্যাট মন্ত্রী নানা পর্যায়ে কাজ করবেন বলে অনুমান করা হচ্ছে, যার অর্থ দলটির পার্লামেন্টারি পার্টির প্রায় অর্ধাংশই সরকারের সদস্য হতে যাচ্ছেন। ক্যাবিনেটের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য· প্রধানমন্ত্রী: ডেভিড ক্যামেরন · উপপ্রধানমন্ত্রী: নিক ক্লেগ · পররাষ্ট্রমন্ত্রী: উইলিয়াম হেইগ · চ্যান্সেলর: জর্জ অসবোর্ন · বাণিজ্য/ব্যাংক: ভিন্স ক্যাবল· প্রতিরক্ষা: লিয়াম ফক্স · স্বাস্থ্য: এন্ড্রু ল্যান্সলি · জ্বালানি/জলবায়ু: ক্রিস হুহনে· বিচার: কেন ক্লার্ক · ট্রেজারির প্রধান সচিব: ডেভিড লজ · স্কটল্যান্ড: ড্যানি আলেকজান্ডার · কমিউনিটি: এরিক পিকলস · সংস্কৃতি/অলিম্পিক: জেরেমি হান্ট · কাজ ও অবসর ভাতা: ইয়াইন ডানকান স্মিথএদিকে থেরেসা মের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ একধরনের চমক সৃষ্টি করেছে। তিনি এর মধ্যেই জোট সরকার যেসব চ্যালেঞ্জের মুখোমুখি সেসব বিষয়ে কথা বলেছেন।সরকারের একটি জুনিয়র পদে নিয়োগের কথা গতকাল বুধবার বিকেলে জানা যায়, যখন ডেইম পলিন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠকে নিরাপত্তামন্ত্রী হিসেবে অংশগ্রহণ করেন। জ্যেষ্ঠ মন্ত্রীরা এবং সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর প্রধানদের নিয়ে গঠিত এ পরিষদ ওই বৈঠকে আফগানিস্তানের সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। যুক্তরাজ্যের নিরাপত্তা রক্ষা করতে সরকারের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধনের জন্য গত বুধবার এ পরিষদ গঠন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, বৈঠকে আফগানিস্তানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি সম্পর্কে নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্যার পিটার রিকেটস ও চিফ অব ডিফেন্স স্টাফ স্যার জক স্টিরাপসহ পরিষদের অন্য সদস্যরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় যুক্তরাজ্যের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও প্রধানমন্ত্রী অবগত হন।