যুক্তরাজ্যের তদন্তের বিষয়ে অপমানিত সৌদি
বাহরাইন ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখতে একটি তদন্ত করার বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির ঘোষণায় অপমানিত বোধ করেছে রিয়াদ। আজ সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির এ ঘোষণার প্রতিক্রিয়ায় সৌদি কর্মকর্তারা বলেছেন, তাঁরা এখন যুক্তরাজ্যের সঙ্গে তাঁদের ঐতিহাসিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করছেন। একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেছে নেওয়ার মতো সম্ভাব্য সব বিষয় খতিয়ে দেখা হবে।গত মাসে ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি ঘোষণা করে, সৌদি আরব ও বাহরাইনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ব্যাপকভাবে মূল্যায়ন করতে যাচ্ছে তারা।কমিটি বলছে, এ দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য, নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী যুদ্ধ ও মানবাধিকারের প্রশ্নে যুক্তরাজ্য কীভাবে তাদের স্বার্থের ভারসাম্য রক্ষা করে, তদন্তে তা গভীরভাবে অনুসন্ধান করা হবে।পশ্চিমে মানবাধিকারের প্রশ্নে সৌদি সরকারের ব্যাপক সমালোচনা রয়েছে। সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি সরকারের সন্দেহ, তাদের দেশের শিয়া-অধ্যুষিত এলাকা ও সুন্নি শাসিত বাহরাইনে অস্থিতিশীলতার পেছনে ইরানের হাত রয়েছে। সেখানকার শিয়ারাই এ ধরনের একটি তদন্ত করতে ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিকে উদ্বুদ্ধ করেছে।