যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ডানকান ঢাকায়
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় এসেছেন। এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাভারের ভবনধসের কারণে যুক্তরাজ্যের ক্রেতাদের মাঝে বাংলাদেশের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে তৈরি পোশাকশিল্প ও শ্রমিকেরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সে সম্পর্কে অ্যালান ডানকান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবেন। অ্যালান ডানকান এ সফরের সময় তাঁর দেশের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন পর্যালোচনা করবেন। এ নিয়ে বর্তমান সরকারের আমলে অ্যালান ডানকান তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলেন। এর আগে তিনি ২০১০ সালের জুলাই এবং ২০১১ সালের জুনে বাংলাদেশে এসেছিলেন।