যুক্তরাষ্ট্র তেলের জন্য লিবিয়া আক্রমণ করতে চায়: শাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তেলসম্পদ দখলের জন্য লিবিয়া আক্রমণ করতে চায়। যেটা তারা ইরাকের ক্ষেত্রেও করেছে। তিনি শান্তিপূর্ণ উপায়ে লিবিয়ার সংকট নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ কথা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী যুদ্ধজাহাজ গতকাল সোমবার লিবিয়ার দিকে যাত্রা শুরু করেছে। পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভিড লেপ্যানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভিড লেপ্যান বলেছেন, যদি প্রয়োজন হয়, তাই মার্কিন সেনাসদস্যরা তাঁদের যুদ্ধজাহাজ লিবিয়ার দিকে নিয়ে যাচ্ছেন। লেপ্যান আরও বলেছেন, পেন্টাগন তাদের বিমানগুলো লিবিয়ার কাছাকাছি এলাকায় নিয়ে আসছে।তবে জেনেভায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, লিবিয়ায় মানবিক সাহায্যে ও উদ্ধারকাজে মার্কিন জাহাজ ব্যবহূত হতে পারে। হিলারি ক্লিনটন গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে লিবিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের মনোভাব জানিয়ে দেন। তিনি বলেন, গাদ্দাফিকে সরে যেতে হবে।এদিকে মার্কিন হিসাব বিভাগের কর্মকর্তা ডেভিড কোহেন জানিয়েছেন, সোমবার তাঁরা গাদ্দাফির তিন হাজার কোটি ডলারের সম্পত্তি জব্দ করেন।ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের অনলাইনের খবরে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী গতকাল রাতে গাদ্দাফির বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন। ক্যামেরন বলেছেন, লিবিয়ায় গণতন্ত্রকামী জনতার আন্দোলনে গাদ্দাফির হত্যাযজ্ঞ বন্ধ করতে তিনি সে দেশে ব্রিটিশ শান্তি সেনা পাঠাতে পারেন।