যুক্তরাষ্ট্র আ.লীগ সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন সেখানকার নেতা-কর্মীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সিদ্দিকুর রহমান। নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন, সিদ্দিকুর কার্যত দেশে ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম ব্যবহার করে সাংগঠনিক বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তিনি। সেখানকার বিভিন্ন কমিটিতে পদ-পদবি ভাগ-বাটোয়ারার নামে সিদ্দিকুরের অনিয়মের কারণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।এসব অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গত এক বছরে যা করেছে, বাংলাদেশেও দলের সাংগঠনিক কমিটি তা করতে পারেনি। সিদ্দিকুর দাবি করেন, ‘ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সামনে পদ্মা সেতু নিয়ে প্রতিবাদ সমাবেশ করে আমরা ইতিহাস সৃষ্টি করেছি।’ তিনি দাবি করেন, তাঁর কারণেই প্রবাসীরা আজ স্বীকৃতি পাচ্ছেন।সিদ্দিকুর বলেন, ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমার কথা না শুনলে তাদের বহিষ্কার করা হবে। সব কমিটি বাতিল করে দেওয়া হবে।’সূত্র জানায়, ২০১১ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে সময় শেখ হাসিনাকে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এক লাখ ডলারের বেশি ব্যয়ে অনুষ্ঠিত ওই সংবর্ধনার ব্যয় মূলত সামাল দেন কৃষিবিদ সিদ্দিকুর রহমান। সংবর্ধনার পর কাউন্সিলে সিদ্দিকুরকে সভাপতি করা হয়।এদিকে সাংগঠনিক বিশৃঙ্খলার কারণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের হামলায় নিউইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলমগীরের পা ভেঙে গেছে। চিকিত্সকেরা জানিয়েছেন, তিনি স্থায়ীভাবে শারীরিক প্রতিবন্ধী হতে পারেন। এ নিয়ে দায়ের করা মামলায় জমিউদ্দিন নামের এক নেতাকে যুক্তরাষ্ট্রে আইন-আদালত মোকাবিলা করতে হচ্ছে। এ ধরনের ঘটনায় প্রবাসীরা বিব্রত।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম নেতা ও সাবেক ছাত্রনেতা কাজী কয়েস ও আবদুল হাসিব মামুন ‘প্রথম আলো’কে বলেন, ‘প্রবাসে রাজনৈতিক আত্মপরিচয় নিয়ে এখন আমরা কঠিন সময় পার করছি।’নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নেতা আতাউর রহমান সেলিম বলেন, দলীয় রাজনীতি নিয়ে প্রবাসে সহিংসতা ও বিশৃঙ্খলা কোনো প্রবাসীর কাম্য হতে পারে না। বাংলাদেশে রাজনৈতিক দল নিবন্ধন আইনে কোনো দলের বিদেশে কমিটি থাকার নিয়ম নেই। এর পরও দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর প্রবাসী নেতা-কর্মীরা নিজ নিজ দলের নামে সেখানে সংগঠিত।