যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাবধান!
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে ইরান বলেছে, তাদের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের পাল্টা জবাব দেওয়া হবে। গতকাল শুক্রবার ইরানে বড় ধরনের সামরিক কুচকাওয়াজ ও সমরাস্ত্রের মহড়া চলাকালে এ কথা বলে হুঁশিয়ার করেন দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই কুচকাওয়াজ ও মহড়া অনুষ্ঠিত হয়। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়। ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরাক-ইরান যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত বড় ধরনের কুচকাওয়াজে সেনাবাহিনীর কয়েক হাজার সদস্য অংশ নেন। এ সময় বিপুল পরিমাণ ট্যাংক, ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সমরাস্ত্র প্রদর্শন করা হয়।এ উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার ইরানের আছে। ইরাক-ইরান যুদ্ধের সময় একই মনোভাব নিয়ে লড়েছিল ইরান। বর্তমানে বিশ্বের ক্ষমতাসীনদের চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকারও ইরানের আছে।প্রেসিডেন্ট আহমাদিনেজাদ তাঁর ভাষণে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রটি নির্মাণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে এই চলচ্চিত্রটি কাঁটছাট করতে পারে না বলে যুক্তরাষ্ট্র যে দাবি তুলেছে, তা প্রতারণার শামিল। এটি মুসলমানদের বিভক্ত করতে ও সহিংসতা ছড়িয়ে দিতে ইসরায়েলের ষড়যন্ত্র বলে তিনি অভিযোগ করেন।এদিকে ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বলছেন, এই সামরিক কুচকাওয়াজের মাধ্যমে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিচ্ছে ইসরায়েল। ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল হাসান ফিরোজাবাদী বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, ‘ওই অঞ্চলের নেতাদের নির্বোধ কথাবার্তাকে আমরা হুমকি মনে করছি না।’ একই সঙ্গে তিনি বলেন, যেকোনো হামলার বিরুদ্ধে ইরানের জবাব হবে ‘তাত্ক্ষণিক ও অপ্রতিরোধ্য’। ইরানের সেনাবহিনীর কমান্ডার জেনারেল আতাউল্লাহ সালেহী বার্তা সংস্থা আইএসএনএকে বলেন, এই সামরিক কুচকাওয়াজ হামলায় বাধা দেওয়ার উদ্দেশ্যে বা কাউকে হুমকি দেওয়ার জন্য নয়। তবে সালেহীসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা বলেন, হামলা চালালে ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া হবে।