যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে উত্তর কোরিয়া
আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়া এ সপ্তাহের শেষে অনুষ্ঠেয় সামরিক মহড়া বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে। উত্তর কোরিয়া জানায়, কোরিয়া উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে হলে কমিউনিস্ট দেশটির ওপর থেকে নতুন সব অবরোধ প্রত্যাহার করতে হবে।ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশগুলোর একটি আঞ্চলিক সভায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।গত মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে ৪৬ নাবিকের মৃত্যু হয়। একটি বহুজাতিক দল তদন্ত করে জানায়, উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে, যা দেশটি অস্বীকার করেছে। এ ঘটনা কোরিয়া উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি করে। ওয়াশিংটন জানায়, তারা উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ওপর নতুন করে অবরোধ আরোপ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল বুধবার দক্ষিণ কোরিয়া সফরকালে এ ঘোষণা দেন।উত্তর কোরিয়ার মুখপাত্র রি টং বার্তা সংস্থা এপিকে বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিই কোরিয়া উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণে আগ্রহী হয়, তাহলে তাদের সামরিক মহড়া এবং অবরোধ বন্ধ করতে হবে। কারণ এটি আলোচনার পরিবেশ নষ্ট করছে। এপি, বিবিসি