যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক ব্যক্তিকেন্দ্রিক নয়: মিজারুল কায়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতিকে কেন্দ্র করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো প্রভাব পড়বে না—আজ রোববার সন্ধ্যায় এ মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তাঁর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ অভিমত দেন।মিজারুল কায়েস বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং এই সম্পর্ক প্রাতিষ্ঠানিক সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক প্রভাবিত হবে—এই ভাবনা সংগতিপূর্ণ নয়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক অংশীদারির। দুই দেশের সম্পর্কে ব্যক্তির চেয়ে মূল্যবোধ ও প্রতিষ্ঠানই প্রধান।’২২ মার্চ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বলেন, মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সমঝোতার মাধ্যমে সুরাহা না হলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আর সম্মানজনকভাবে বিষয়টির সমাধান হলে হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের আয়োজন সহজ হবে। তিনি এদিন ঢাকায় আমেরিকান ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।ইউনূসের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে কি না, জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, সেদিন (২২ মার্চ) রবার্ট ও ব্লেককে কি এ প্রশ্নটি করা হয়েছিল? সাংবাদিকদের পক্ষ থেকে ইতিবাচক জবাব পাওয়ার পর পররাষ্ট্রসচিব বলেন, ‘তাহলে ঢাকা থেকে এই প্রশ্নটি নিয়েই তো ব্লেক ওয়াশিংটন ফিরে গেলেন।’পররাষ্ট্রসচিব বলেন, ‘এটি যদি বিশ্বাস করি, তবে কারও ব্যক্তিগত অবস্থানের চেয়ে সামগ্রিকভাবে ব্যক্তির ইচ্ছার বিষয়টি সংগতিপূর্ণ হতে পারে না।’ তিনি বলেন, ‘গণতন্ত্র, মানবাধিকার ও বৈশ্বিক কর্মকাণ্ডে বাংলাদেশের যে অবদান, তার একটি ইতিবাচক প্রভাব তো অবশ্যই রয়েছে। যুক্তরাষ্ট্রেরই শুধু নয়, বিশ্বের যেকোনো দেশের সঙ্গে এর ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে যাবে।’ইউনূসের অপসারণ নিয়ে মতভিন্নতা থাকতেই পারে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘সম্পর্কের মধ্যে যেকোনো ধরনের ভিন্নমতকে আমরা শ্রদ্ধা করি।’