যুক্তরাষ্ট্র জঙ্গিবাদ দমনে পাকিস্তানকে সঙ্গী হিসেবে চায়: হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের হত্যা এবং ধরতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একসঙ্গে কাজ করেছে। ইসলামি জঙ্গিবাদ দমনে এ দুই দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন।’ আজ শুক্রবার ইসলামাবাদে হিলারি ক্লিনটন পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর গোপন অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর দেশ দুটির সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এ প্রেক্ষাপটে হিলারি ক্লিনটন ও মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন আজ ঝটিকা সফরে পাকিস্তানে এসেছেন। তাঁরা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক কায়ানির সঙ্গে সাক্ষাত্ করেছেন। বলা হচ্ছে, নিরাপত্তার কারণে তাঁর সফর সম্পর্কে আগে জানানো হয়নি।হিলারি ক্লিনটন আজ আবারও বলেন, ‘আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন ইসলামাবাদের কাছেই থাকতেন, এটা পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন এমন কোনো তথ্যপ্রমাণ নেই।’পাকিস্তান সরকার ওসামার নিহত হওয়ার ঘটনাকে স্বাগত জানালেও, মার্কিন গোপন অভিযানের তীব্র সমালোচনা করে। অপর দিকে অনেক মার্কিন আইনপ্রণেতা পাকিস্তানের বিরুদ্ধে লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে মার্কিন অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ারও আহ্বান জানিয়েছেন। তবে হোয়াইট হাউস বলছে, তারা এখনো পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী যুদ্ধের সহযোগী হিসেবে বিবেচনা করে।