যুক্তরাষ্ট্র তাদের নীতি অনুযায়ী লাদেনকে হত্যা করেছে: পাকিস্তান
পাকিস্তান সরকারও আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে জানায়, লাদেনকে দুনিয়ার যেখানে পাওয়া যাবে, সেখানেই তাঁকে হত্যা করা হবে—যুক্তরাষ্ট্র তাদের পূর্বঘোষিত এই নীতির ভিত্তিতেই অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করেছে।বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনা সব সন্ত্রাসী সংগঠনের জন্য একটি বিরাট ধাক্কা হিসেবে বিবেচিত হবে। সারা বিশ্বের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য এটি এক সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ফোন করে এই সফল অভিযান পরিচালনার কথা জানান।আল-কায়েদা পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে। তাদের পরিচালিত সন্ত্রাসী আক্রমণে হাজার হাজার নিরীহ পাকিস্তানি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে বলে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ‘কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালাতে আমরা আমাদের ভূমি ব্যবহার করতে দেব না।’এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট গতকাল সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী ও নিরাপত্তাপ্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেন। যুক্তরাষ্ট্র ওসামা বিন লাদেনের নিহত হওয়ার খবর নিশ্চিত করার পর তাঁরা এই বৈঠকে মিলিত হন। এএফপি, রয়টার্স।