যুক্তরাষ্ট্র-দ.কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘের আরোপ করা নতুন নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে ওই দেশ দুটির সম্পর্কে আরও উত্তেজনা বেড়েছে। এ সময় দেশ দুটি এই সামরিক মহড়া শুরু করল। আজ সোমবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া প্রতিবছর দুবার যৌথ সামরিক মহড়ার আয়োজন করে থাকে। এটি তারই অংশ বলে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।এ যৌথ মহড়ার কারণে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শেষে অস্ত্রবিরতি করা হয়েছিল—তা ভেঙে পড়তে পারে বলে হুমকি দিয়েছে পিয়ংইয়ং। অন্যদিকে সিউলের পক্ষ থেকে দাবি করা হয়, গত সপ্তাহে সীমান্তের আন্তযোগাযোগ বিচ্ছিন্ন করে উত্তর কোরিয়াও নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে।কার্যত দুই কোরিয়া এখনো যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরিয়া যুদ্ধের পর দুই কোরিয়ার মধ্যে কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। ওই সময় তাদের মধ্যে একটি সামরিক অস্ত্রবিরতি চুক্তি হয়, যা এখনো বহাল রয়েছে। তবে সম্প্রতি জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনো ধরনের আগ্রাসন না চালানোর চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে সিউলের সঙ্গে ‘হটলাইন’ ও দুই দেশের আন্তসীমান্ত যোগাযোগও বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা। এ ছাড়া জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে আরও পারমাণবিক পরীক্ষা ও রকেট ছোড়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এর পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কোরিয়া উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি ‘মারাত্মক হুমকির সম্মুখীন’ বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট পার্ক গিউয়েন হে।