যুক্তরাষ্ট্র-দ.কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত পিয়ংইয়ং
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া প্রস্তুত আছে বলে আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আজ বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করলে উত্তর কোরিয়া এ ঘোষণা দেয়।সিএনএনের খবরে বলা হয়, উত্তর কোরিয়া যুদ্ধের জন্য হাজার হাজার সৈন্য প্রস্তুত রেখেছে। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, পিয়ংইয়ং ওই দুই মিত্র রাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়াকে তাদের বিরুদ্ধে যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে বিবেচনা করছে।আজ সোমবার শুরু হওয়া ওই সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার সৈন্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই হাজার ১০০ সেনাসদস্য অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের ওই সামরিক মহড়া আত্মরক্ষামূলক এবং এর সঙ্গে বৈশ্বিক রাজনীতির কোনো সম্পর্ক নেই।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও একটি সামরিক মহড়া ১ মার্চ থেকে শুরু হয়ে এপ্রিল মাসের শেষ পর্যন্ত চলবে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র নিয়মিত যৌথ সামরিক মহড়া করে থাকে। কিন্তু উত্তর কোরিয়া ওই মহড়াকে একধরনের উসকানি বলে মনে করছে।কেসিএনএর খবরে আরও বলা হয়, গত শনিবার উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সামরিক ইউনিট পরিদর্শন করেন। তিনি সৈন্যদের যেকোনো ধরনের হামলা প্রতিহত করার নির্দেশ দেন।