যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আজ রোববার কোরিয়া উপদ্বীপের পশ্চিম জলরাশিতে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। আঞ্চলিক পরাশক্তি চীনের আপত্তি এবং উত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও এ যৌথ মহড়া শুরু হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, এ মহড়ার উদ্দেশ্য উত্তর কোরিয়াকে আক্রমণাত্মক কার্যকলাপ থেকে নিবৃত করা।গত মঙ্গলবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ইয়ংপিয়ং দ্বীপে মর্টার হামলা চালায়। দক্ষিণ কোরিয়াও এর পাল্টা জাবাব দেয়। ওই গোলা বিনিময়ের ঘটনায় দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা ও দুই সাধারণ নাগরিক নিহত হয়। এ নিয়ে দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পীতসাগরে চার দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, এ যৌথ সামরিক মহড়ায় পরমাণু শক্তি সমৃদ্ধ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন অংশ নিয়েছে। জাহাজটিতে ৭৫টি যুদ্ধবিমান ও ছয় হাজারেরও অধিক ক্রু রয়েছে। কোরিয়ায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ মহড়ায় পরে আরও চারটি মার্কিন রণতরী যোগ দেবে। দক্ষিণ কোরিয়া এ মহড়ায় তিনটি রণতরী, যুদ্ধবিমান ও সাবমেরিন বিধ্বংসী বিমান নিয়োজিত করেছে। গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার যে দ্বীপটিতে গোলা বিনিময়ের ঘটনা ঘটেছে তার বেশ কিছুটা দক্ষিণে এ মহড়া চলছে বলে এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন। কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর ওই কর্মকর্তা বলেছেন, ‘একটি সামরিক মহড়া শুরু হয়েছে এবং অবশ্যই তা যৌথ মহড়া। কিন্তু আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’ এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ং বাক তাঁর মন্ত্রিসভার সদস্য ও সহযোগীদের এ মহড়ার পর উত্তর কোরিয়ার যেকোনো ধরনের উসকানির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষে অপ্রত্যাশিত কিছু ঘটিয়ে ফেলা অমূলক নয়। সুতরাং সবাইকে কোরিয়া-মার্কিন যৌথ বাহিনীকে সহযোগিতা করার মাধ্যমে এর বিরুদ্ধে যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে।যৌথ সামরিক মহড়া শুরুর আগে দক্ষিণ কোরিয়ার মেরিন কমান্ডার আজ রোববার উত্তর কোরিয়ার গোলার আঘাতে দেশটির দুই মেরিন সেনা ও দুই সাধারণ নাগরিক নিহত হওয়ার ঘটনার ‘হাজার গুণ’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার এ যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে উত্তর কোরিয়া ইতিমধ্যে একাধিকবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ সামরিক মহড়ার পরিণতি কি হবে, তা কেউ ভাবতেও পারবে না। উত্তর কোরিয়া পীতসাগর বরাবর তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে বলে সর্বশেষ খবরে জানা গেছে। রয়টার্স।