যুক্তরাষ্ট্র নয়, চীন এখন বিশ্বের সর্বোচ্চ জ্বালানি ব্যবহারকারী
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এই প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী দেশের স্থানটি দখল করেছে।এবারই প্রথম চীন এ স্থানটি দখল করেছে বলে জানা গেছে। গত সোমবার প্রকাশিত আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) এক প্রতিবেদনে বলা হয়, সাময়িক তথ্য অনুযায়ী গত এক দশকে চীনের জ্বালানি চাহিদা দ্বিগুণ বেড়েছে।আইইএ বলে, চীন প্রথম স্থানটি দখল করেছে, কারণ বৈশ্বিক আর্থিক মন্দার কারণে যুক্তরাষ্ট্রের তুলনায় সে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু চীন প্রতিবেদনটিতে প্রকাশিত তথ্যগুলোকে চ্যালেঞ্জ করে বলেছে এর উপাত্তগুলো বিশ্বাসযোগ্য নয়।গত ১০০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী দেশ। কিন্তু আইইএর প্রতিবেদন অনুযায়ী, গত দুই দশকে ব্যাপক অর্থনৈতিক উন্নতির ফলে চীন এখন প্রথম স্থানে রয়েছে। এ ছাড়া চীনের ক্রমবর্ধমান জনসংখ্যার কারণেও দেশটিতে জ্বালানির চাহিদা বাড়ছে।