যুক্তরাষ্ট্র পৌঁছেছেন চীনের ভিন্নমতাবলম্বী চেন
চীনা ভিন্নমতাবলম্বী অন্ধ চেন গুয়াংচেং গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। একই দিন যুক্তরাষ্ট্রগামী একটি বাণিজ্যিক বিমানে চড়ে তিনি বেইজিং ছাড়েন বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়।যুক্তরাষ্ট্রে পৌঁছে চেন ঘোষণা দেন, ‘সমতা ও ন্যায়বিচারের কোনো সীমানা নেই।’ গত মাসে গৃহবন্দিত্ব থেকে নাটকীয়ভাবে পালিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নেন ভিন্নমতাবলম্বী চেন। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়। এরই ধারাবাহিকতায় উভয় দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চীন সফর করেন। ভিন্নমতাবলম্বী এই নেতাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে বেইজিং ও ওয়াশিংটনের কূটনীতিক পর্যায়ে সমঝোতা হয়। এরপর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেনকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আমন্ত্রণ জানায়। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে চেন তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ ইউনাইটেড এয়ারলাইনসের নেওয়ার্কগামী একটি বিমানে চড়ে বেইজিং থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন।