যুক্তরাষ্ট্র বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদের অনুমতি পেতে পারে
পাকিস্তান যুক্তরাষ্ট্রকে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিতে পারে। হত্যার সময় বিন লাদেনের তিনজন স্ত্রী পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতেই ছিলেন। ঘটনার পর থেকে তাঁরা পাকিস্তানের হেফাজতে রয়েছেন। তবে পাকিস্তানের এ সম্মতির ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তান বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদের সুযোগ দিতে আগ্রহ দেখিয়েছে। আশা করছি তাদের এ আগ্রহ শেষ পর্যন্ত থাকবে।’বিন লাদেনকে হত্যার পর থেকেই ওবামা প্রশাসন আল-কায়েদার পুরো নেটওয়ার্ক ও কার্যক্রম সম্পর্কে জানতে তাঁর স্ত্রীদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে আসছিল।যুক্তরাষ্ট্রের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, মার্কিন নেভি সিল কমান্ডোরা লাদেনকে হত্যার পর পাকিস্তানি বাহিনী ওই বাড়ি থেকে তাঁর তিনজন স্ত্রী এবং একাধিক সন্তানসহ ১৫-১৬ জনকে আটক করে। আফগানিস্তানে মুসলিম জঙ্গিদের দমন করতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু ছিল। কিন্তু পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ড্রোন (মানুষবিহীন মার্কিন বিমান) হামলার পর থেকে দুই দেশের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। সর্বশেষ বিন লাদেনকে হত্যার সময় পাকিস্তানকে অবহিত না করায় সম্পর্কটা একেবারে খারাপ হয়ে যায়।